গরু বিক্রির টাকা নিয়ে গেল অজ্ঞান পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো বছর ধরে নিজ বাড়িতে গরুটিকে যত্ন নিয়ে বড় করেছিলেন হিরাডাঙ্গা গ্রামের মুকুল মোল্লা (৪৫)। কোরবানি ঈদ সামনে রেখে ঢাকার গাবতলী পশুর হাটে গরুটি বিক্রি করতে নিয়ে আসেন। ৬০ হাজার টাকায় বিক্রিও করেন। অভাবের সংসারে এই টাকা কাজে লাগাবেন, এমন আশা ছিল। কিন্তু অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুরো টাকাটাই খোয়ালেন মুকুল মোল্লা। 

গতকাল রোববার রাতে অচেতন অবস্থায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মধুপুর নামক স্থান থেকে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তাঁর জ্ঞান ফেরেনি। একই দিনে ঝিনাইদহের গরুর চার মালিকের ৬ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

মুকুল মোল্লা ঝিনাইদহ সদর উপজেলার হিরাডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। মুকুল মোল্লার মা রূপভান বেগম জানান, অভাবের সংসার তাঁদের। ছেলে নিজ বাড়িতে এক বছর ধরে একটি গরু লালন করেছেন। কষ্ট করে বড় করে তুলেছেন। কোরবানির সময় বিক্রি করবেন, এমন আশা নিয়েই বড় করছিলেন গরুটি। গত বৃহস্পতিবার তিনি গরুটি নিয়ে ঢাকার গাবতলী পশুর হাটে যান। গতকাল বিকেলে বাড়িতে ফোন করে জানান, গরুটি ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। রাতেই বাড়ি ফিরবেন। আজ সোমবার সকালে তাঁরা খবর পান, অচেতন অবস্থায় মুকুলকে মধুপুর নামক স্থানে পাওয়া গেছে। এখন হাসপাতালে আছেন। খবর পেয়ে তাঁরা হাসপাতালে ছুটে এসেছেন। এসে জানতে পেরেছেন তাঁর সবকিছু ছিনিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির লোকজন। গাড়িতে কিছু খাইয়ে তাঁকে অজ্ঞান করে ফেলা হয়।
এদিকে গরু ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, মুকুল মোল্লা একা নন, গতকাল রাতে ঝিনাইদহের গরুর চার মালিকের ৬ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই হয়েছে। তাঁরা হলেন শৈলকুপা উপজেলার রানীনগর গ্রামের ওলিয়ার রহমান জোয়ারদারের ছেলে সোহানুর রহমানের একটি গরু বিক্রির ৮৭ হাজার টাকা, একই গ্রামের খোরশেদ আলীর ছেলে রায়হান বিশ্বাস ও তাঁর ছেলে পরেশ আলীর ৩ টি গরু বিক্রির ১ লাখ ৩৩ হাজার টাকা, গোবরা গ্রামের আহম্মেদ আলীর ছেলে আছির উদ্দিনের ৮টি গরু বিক্রির ৪ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। পরে তাঁরা ট্রাকে করে ঝিনাইদহে ফিরে আসেন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, মুকুল মোল্লার ঘটনাটি ঝিনাইদহের বাইরে ঘটেছে। পরে ঝিনাইদহের মধুপুর নামক স্থানে তাঁকে ফেলে রেখে গেছে। বাকিদের বিষয়ে তাঁর কিছু জানা নেই বলে তিনি জানান।