গরু বেচতে এসে সাতজন অজ্ঞান পার্টির খপ্পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে গত মঙ্গলবার রাতে পাঁচ গরু বিক্রেতা ও দুই ব্যবসায়ীর ৩ লাখ ৪০ হাজার টাকা খোয়া গেছে। এর মধে্য পাঁচজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই বিক্রেতা ও ব্যবসায়ীরা হলেন সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের রাধাবল্লভ, তাঁর ছেলে কলেজছাত্র নারায়ণ, জামাতা গজারিয়ার দীনেশ, শ্যালক রাজবাড়ীর নিখিল চন্দ্র ও ভাঙ্গা উপজেলার মালিগ্রামের হান্নান কাজী, নাসির মাতব্বর ও অজ্ঞাত এক ব্যক্তি।
ভুক্তভোগীদের স্বজন ও কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ছিল ফরিদপুরের টেপাখোলার গরুর হাট। হাটে গরু বিক্রি করে রাতে ৪০ হাজার টাকা নিয়ে গোবিন্দপুরের বাড়িতে ফিরছিলেন রাধাবল্লভ, নারায়ণ, দীনেশ ও নিখিল। ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড থেকে বাসে করে তাঁরা রাজবাড়ী রাস্তার মোড়ে পৌঁছে শসা কিনে খাওয়ার কিছুক্ষণ পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। কানাইপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে বাসের কর্মীরা ওই চারজনকে বাস থেকে নামিয়ে রেখে চলে যান। এ সময় টহলরত পুলিশের একটি দল তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে ভাঙ্গার মালিগ্রামের বেলায়েত মল্লিক বলেন, তাঁর আত্মীয় গরু ব্যবসায়ী হান্নান ও নাসির গত মঙ্গলবার দুপুরে টেপাখোলা বাজারে গরু কেনাবেচার উদ্দেশ্যে বাড়ি থেকে তিন লাখ টাকা নিয়ে বের হন। বাসে যাওয়ার পথে ভাঙ্গার কাছে তাঁরা শসা খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁদের সব টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টিরা সদস্যরা। পরে বাসের কর্মীরা তাঁদের অচেতন অবস্থায় ভাঙ্গা বাসস্ট্যান্ডে নামিয়ে দেন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পরে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ওই চারজন ছাড়া মঙ্গলবার রাতে আনুমানিক ৩৫ বছর বয়স্ক অজ্ঞাত এক ব্যক্তিকে স্থানীয় ব্যক্তিরা অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ধারণা করা হচ্ছে, তিনি গরু ব্যবসায়ী।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল কুমার দে জানান, আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।