গরু ব্যবসায়ীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালায় কাজী আবু বক্কর সিদ্দিক জনি (৩৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জনি গৌরীপুর গ্রামের কাজী আবদুর রহমানের ছেলে। তিনি গরুর ব্যবসা করতেন।

নিহত ব্যক্তির ভাই কাজী রনি জানান, রাত ১০টার দিকে একটি ফোন পেয়ে তাঁর ভাই বাড়ি থেকে বের হয় আসেন। তারপর রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। রাতে তাঁকে কে বা কারা হত্যা করে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে গৌরীপুর গ্রামের একটি পাটখেতে ফেলে রেখে গেছে। আজ শনিবার সকালে পাটখেতে জনির লাশ পড়ে থাকার খবর পান তাঁরা।
কাজী রনি আরও জানান, জনির গলায় গামছা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে রক্ত লেগে ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার ভাইকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে।
তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে।