
রাজশাহীতে গরু মোটাতাজাকরণের অনুমোদনহীন ওষুধ কারখানার সন্ধান পাওয়া গেছে। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতে কারখানার মালিকের ছয় মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরের নেতৃত্বে গতকাল রোববার র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা এ অভিযান চালান। এ সময় ওষুধ প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
রাজশাহী নগরের সপুরা এলাকায় অবস্থিত এই কারখানার নাম ‘ফিউচার ড্রিম অ্যাগ্রোভেট’। এই কারখানার মালিকের নাম মাহাবুবুর রহমান। তাঁর বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর গ্রামে। তিনি রাজশাহীতে থেকে একই সঙ্গে এসএ পরিবহনের রাজশাহীর ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন।
কারখানার আরও দুজন অংশীদার রয়েছেন। আদালতের সামনে অংশীদারের নিজেদের অংশীদারত্বের কথা স্বীকার করায় তাঁদের প্রত্যেকের দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এঁরা হচ্ছেন কালি বাবু ও কামরুল হুদা। কালি বাবুর বাড়ি নগরের কোর্ট বুলনপুর ঘোষপাড়া ও কামরুল হুদার বাড়ি নগরের কাদিরগঞ্জ এলাকায়।
আদালতসংশ্লিষ্টরা জানান, এই কারখানার সরকারি কোনো অনুমোদন নেই। তাঁরা শুধু প্রাণিসম্পদ বিভাগে কারখানার অনুমোদনের জন্য আবেদন করেছেন।
তাঁদের পণ্যের মান পরীক্ষা করাই হয়নি। এদিকে তাঁরা কারখানায় গরু মোটাতাজাকরণের ২৪ ধরনের ওষুধ উৎপাদন ও বাজারজাত করছেন।
এই কারখানায় উৎপাদিত ওষুধের মধ্যে রয়েছে বেস্ট গ্রোথ, ভিউসল এডিই, ভিটাটপ-ডিবি, ফিউসেল-ই, ফিউক্যাল-পিডি, স্টোমাটপ ভেট, ফিউভিট ডব্লিউ এস, ফিউভিট-বি, ফিউভিট-সি, ফিউজাইম-ভেট, প্লুকোনাইড+ইসি, লাইফ স্যালাইন, লিভাসন-ভেট, ড্রিম-টনিক, ইজি-পিএইচ, ভেটোমিন, গেস্ট্রো-কিউর, ডায়া-কিউর প্লাস, ভিটানিড-বি ভেট, ফিউটিক, ফিউকাস, ফিরন ভেট ও ডিউমাস।
অভিযান চালানোর সময় ওষুধ শনাক্ত করেন ওষুধ প্রশাসনের রাজশাহীর সহকারী পরিচালক মির্জা আনোয়ারুল বাসেদ।
তিনি বলেন, ওষুধ উৎপাদনের আগে কয়েকটি দপ্তরের অনুমোদন লাগে। কিন্তু এ কারখানায় শুধু সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নিয়ে ২৪ প্রকার ওষুধ উৎপাদন করে বাজারজাত করা হচ্ছিল। এ ছাড়া এ কারখানায় কোনো কেমিস্ট পাওয়া যায়নি। নিজেরাই ওষুধগুলো উৎপাদন করতেন।