গরু মোটাতাজাকরণে ব্যবসায়ী ও খামারিরা
কোরবানির ঈদ সামনে রেখে বেশি দামের আশায় অসুস্থ-চিকন গরু মোটাতাজাকরণের প্রতিযোগিতায় নেমেছেন চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার গরু ব্যবসায়ী ও খামারিরা। এ কাজে ব্যবহার করছেন স্টেরয়েড-জাতীয় ওষুধ।
স্থানীয় লোকজনের অভিযোগ, ফার্মেসিগুলোর কর্মচারীরা ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি করায় এ ধরনের ওষুধ গরুর মালিকও ব্যবহার করে গরু মোটাতাজা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মতলব উত্তরে অন্তত ১৫-২০টি গরুর খামার রয়েছে। মতলব দক্ষিণে মোট ১৫-১৬টি গরুর খামার রয়েছে। এসব খামারে ৫০০-৬০০ গরু রয়েছে।
গাজীপুর এলাকার আমির হোসেন, ছেংগারচরের মানিক ঢালী এবং পৈলপাড়ার নুরু প্রধানীয়া, দগরপুরের নেকবর আলীর গরুর খামারসহ দুই উপজেলার আরও পাঁচ-ছয়টি খামারে গিয়ে দেখা যায়, সেখানকার অধিকাংশ গরুই চিকন, মাঝারি স্বাস্থ্যের। যত্নআত্তি নেই। গরুকে সামান্য খইল-ভুসি ছাড়া আর কিছুই খেতে দেওয়া হয়নি।
নুরু প্রধানীয়া বলেন, ঈদে বিক্রির জন্য তিনি ১৫-১৬টি গরু পালন করছেন। আশপাশের খামারিরা গরু তাজাকরণের প্রতিযোগিতায় নামলেও তিনি এর মধ্যে নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ধনারপাড় এলাকার এক খামারি বলেন, চিকন গরু ক্রেতারা কিনতে চান না। এ জন্য অনেক ব্যবসায়ী ও খামারিরা ওষুধের মাধ্যমে গরু মোটা করেন। ইনজেকশন ও ট্যাবলেট (পাম বড়ি) দেওয়ার ১৫-২০ দিনের মধ্যেই গরু তাজা হয়। এতে ভালো দাম পাওয়া যায়। এসব ওষুধ কিনতে চিকিৎসকের ব্যবস্থাপত্র লাগে না। চাইলেই বিক্রেতারা এগুলো দেন, দামও কম।
ছেংগারচর এলাকার গরু ব্যবসায়ী ও খামারি মানিক ঢালী জানান, কয়েক দিন আগে ১৪টি দেশি গরু কিনেছেন। গরুর স্বাস্থ্য ভালো করার জন্য প্রেডনিসোনাল, ডেক্সামেথাসন, ওরাডেক্সন বড়ি খাওয়াচ্ছেন। স্থানীয়ভাবে গরু ব্যবসায়ীদের কাছে এগুলো ‘পাম বড়ি’ নামেই পরিচিত। এ ছাড়া গরুর শরীরে দেওয়া হয় স্টেরয়েড-জাতীয় ইনজেকশন। ঈদের আগেই এসব চিকন গরু মোটা হবে। দামও মিলবে ভালো।
মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারের ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, তাঁর দোকানে মোটাতাজার ওষুধ নেই। অনেকে এসব ওষুধ বিক্রি করছেন। বাজারের ‘সরকার মেডিকেল হলের’ দোকানি সুধীর চন্দ্র সরকার বলেন, তাঁর দোকানে স্টেরয়েড-জাতীয় ওষুধ রাখেন। তবে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এসব বিক্রি করেন না।
মতলব দক্ষিণ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. কায়সার জামিল বলেন, ওষুধ দিয়ে মোটাতাজাকরণ বন্ধে তাঁর কার্যালয়ের ভেটেরিনারি সার্জন তাহমিনা করিমকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করেছেন। দোকানিরা চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া যাতে ওষুধ বিক্রি করতে না পারেন, সে লক্ষ্যে কমিটি কাজ করছে। এ ব্যাপারে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, স্টেরয়েড-জাতীয় ইনজেকশন বা বড়ি দিয়ে গরু মোটা করা অনুচিত। সুস্থ গরুকে এসব ওষুধ দিলে সে গরু অসুস্থ হয়ে পড়বে। সেগুলোর মাংস খেলে মানুষের স্বাস্থ্যও ঝুঁকির মধ্যে পড়তে পারে।