গরু মোটাতাজা করার ওষুধ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলের দিলকুশা বাণিজ্যিক এলাকায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে গরু মোটাতাজা করার বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব ) সদস্যরা।
রাত আটটায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ৭ নম্বর দিলকুশায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে ছয় কার্টন ওষুধ জব্দ করা হয়।
র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, গরু মোটাতাজা করতে জব্দ করা এসব ওষুধ ব্যবহার করা হয়। গতকাল বিকেলে রাজধানীর বাবু বাজারের ১২/১ হাইবতনগর দেওয়ান সাহেব লেনে জননী ড্রাগ হাউসের মালিক গোপাল বিশ্বাসের নামে ওষুধের চালানটি এসেছিল। যশোরের বেনাপোল থেকে প্রবীর বিশ্বাস নামে এক ব্যক্তি চালানটি ঢাকায় পাঠান। এসব ওষুধের কার্টনের ব্যাপারে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা র‍্যাব -৩-এর কাছে অভিযোগ করে।
আমদানি নিষিদ্ধ এসব ওষুধের মূল্য প্রায় চার কোটি টাকা জানিয়ে সারওয়ার আলম বলেন, ছয়টি কার্টনের মধ্যে কয়েক লাখ পিস বড়ি পাওয়া গেছে। এর মধ্যে ব্যাকসিন, প্যারাকটিনসহ পাঁচ ধরনের বড়ি রয়েছে। বাংলাদেশে ১৯৮২ সালে এসব ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হয়। ওষুধগুলো জব্দের পর জননী ড্রাগ হাউসে অভিযান চালায় র‍্যাব । কিন্তু এর আগে গোপাল তাঁর দোকান থেকে পালিয়ে যান। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে। তবে প্রবীর বিশ্বাস ও গোপাল বিশ্বাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গতকাল বিকেলে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে হাজি হানিফ মার্কেটে অনুমোদনহীন একটি খাবার পানি উৎপাদন কারখানা সিলগালা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫-এর একটি দল।