গরু মোটাতাজা করার ভেজাল ওষুধ কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরু মোটাতাজা করার ভেজাল ওষুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে রাজশাহী নগরের হড়গ্রাম এলাকায়। ‘বায়োহার্বস ফার্মাসিউটিক্যাল (আয়ুর্বেদিক)’ নামের ওই কারখানার মালিককে তিন মাসের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এই কারখানার মালিকের নাম শহীদ আলী। তাঁর বাড়ি নগরের হড়গ্রাম পূর্বপাড়া এলাকায়। রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুল আরেফিনের নেতৃত্বে আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব সদস্যরা ওই অভিযান চালান।

র‌্যাব জানায়, শহীদ আলী ভেজাল ওষুধ তৈরি করে মানুষ ও গরু মোটাতাজাকরণের জন্য বিক্রি করে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালত ১৯৯৪ সালের ড্রাগ অ্যাক্টের ১৮ ধারা মোতাবেক আসামিকে তিন মাসের বিনা শ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরও তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব-৫-এর অপারেশন অফিসার খালেদা বেগম বলেন, আসামি শহীদ আলী বুধবারের মধ্যে জরিমানার টাকা জমা না দিলে প্রথম তিন মাস শেষে তাঁকে আরও তিন মাস কারাবাস করতে হবে।