গরু মোটাতাজাকরণে তৎপর ব্যবসায়ীরা
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কোরবানির ঈদ সামনে রেখে গরু মোটাতাজা করতে মৌসুমি ব্যবসায়ীরা মরিয়া হয়ে উঠেছেন। ভারতীয় নিষিদ্ধ বড়ি খাইয়ে দ্রুত গরু মোটাতাজাকরণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বেশি মুনাফার লোভে মৌসুমি গরু ব্যবসায়ীরা এ পদ্ধতির দিকে ঝুঁকে পড়েছেন। উপজেলার পশুখাদ্য বিক্রির দোকানগুলোতে এই ওষুধ বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
উপজেলার চারজন মৌসুমি গরু ব্যবসায়ী বলেন, তাঁরা রমজান মাসের পরপরই বেছে বেছে কম দামে স্বাস্থ্যহীন গরু কিনে এনেছেন। এরপর গরুকে ভারতীয় বড়ি খাওয়ানো শুরু করেন।
মৌসুমি ব্যবসায়ী পূর্ব জাহাঙ্গীবাদ গ্রামের সজল ইসলাম (৪৫) বলেন, বর্তমানে গরুর বাজারদর হিসাবে ব্যবসায়ীরা আশা করছেন এবার তাঁরা ভালো দাম পাবেন। এ কারণে গত বছরের চেয়ে এবার বেশিসংখ্যক গরু মোটাতাজা করা হচ্ছে।
উপজেলার তালিবপুর গ্রামের আপেল মাহমুদ (৪৫) বলেন, ‘ঈদ সামনে রেখে আমি ছয়টি গরু মোটাতাজা করছি। আমি এসব গরু বিক্রি করে সব খরচ বাদ দিয়ে এই দেড় মাসে কমপক্ষে ৬০ হাজার টাকা লাভের আশা করছি।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম সামছুদ্দিন বলেন, ‘যাঁরা গরু পালন করছেন, আমরা তাঁদের ওসব নিষিদ্ধ ওষুধ গরুকে না খাওয়াতে বলছি। আসন্ন ঈদুল আজহায় প্রতিটি গরুর হাটে চিকিৎসক ও বিশেষজ্ঞ দলের মাধ্যমে গরুর রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হবে। যদি কোনো গরুর রক্তে বিষাক্ত কিছু ধরা পড়ে, তাহলে সেই গরু বিক্রি করতে দেওয়া হবে না।’
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, বলবর্ধক নিষিদ্ধ বড়ি খাওয়ানোর ফলে পশুর যকৃৎ ও কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং এতে গরুর দেহে পানি জমে। এ পানি স্বাভাবিকভাবে শরীর থেকে বের হতে না পেরে মাংসে সঞ্চারিত হয় এবং গরুর শরীর ফুলে যায়। এসব গরুর মাংস খাওয়া একেবারে ঠিক নয়।