গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনগর গ্রামে গরুচোর সন্দেহে শফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে।

শফিকুলের বাড়ি একই উপজেলার কোমরপুর গ্রামে।

পুলিশ ও গ্রামবাসী বলছেন, গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে রামনগর গ্রামের স্বপন আলী নামের এক ব্যক্তির দুটি গরু চুরি হয়। প্রায় দেড় লাখ টাকা মূল্যের গরু চুরির ঘটনা জানাজানি হলে রাতেই গ্রামবাসী সংগঠিত হয়ে চোর খুঁজতে বের হয়। একপর্যায়ে গ্রামের কাটাখালী মাঠে শফিকুলকে দেখতে পায় গ্রামবাসী। তারা গরুচোর সন্দেহে শফিকুলকে ধরে নিয়ে আসে। এরপর সবাই মিলে পিটুনি দিলে ঘটনাস্থলেই শফিকুল মারা যান। পরে আজ সকাল সাতটার দিকে ভালাইপুর এলাকা থেকে চুরি যাওয়া গরু দুটি উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির জানান, শফিকুলের মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। উপর্যুপরি মারধরের কারণেই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর শফিকুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।