গরুচোর সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাছবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে গরুচোর সন্দেহে এলাকাবাসী চারজনকে পিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তা ছাড়া, গরুচোরদের ব্যবহৃত কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নিহত ব্যক্তির নাম সাগর মিয়া (৩৫)। তাঁর বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। পিটুনিতে আহত তিনজন হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার লক্ষ্মীরচর এলাকার মোজাম্মেল হক (৩০), ঢাকার দোহারের খানপাড়া এলাকার মানিক মিয়া (৩৫) ও ভোলা সদর উপজেলার ইলিশা এলাকার আশিক মিয়া (৩০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে উপজেলার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ফুলবাড়িয়া, খলসাজানি, পাবুরিয়াচালা, চা–বাগান, রামচন্দ্রপুর, বোয়ালী, নয়াপাড়া, কাচিঘাটাসহ বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। গতকাল ভোরে উপজেলার গাজবাড়ি এলাকার একটি মৎস্য খামারে মাছ ধরতে যাচ্ছিল ১০-১২ জনের একটি দল। এ সময় পাশের গজারি বনে কয়েকজন লোককে ঘোরাঘুরি করতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে তাঁরা আশপাশের লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি জানান। পরে স্থানীয় মসজিদের মাইকে এলাকায় চোর পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। এলাকার লোকজন লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়েন। পরে ধাওয়া দিয়ে চোর দলের সদস্য সন্দেহে চারজনকে আটক করে পিটুনি দেওয়া হয়। এ ছাড়া একটি গরু উদ্ধার করে তারা। এ সময় উত্তেজিত জনতা চোর দলের বহন করা কাভার্ড ভ্যান পুড়িয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন চোর দলের সদস্য বলে স্বীকার করেন। তাঁরা বলেন, ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পে ১৫ হাজার টাকা দিয়ে এ এলাকায় গরু চুরি করতে এসেছেন। এসব কথা শুনে এলাকাবাসী আরও উত্তেজিত হয়ে ওঠে। আটক চারজনকে আবার পিটুনি দেয়। এ সময় সাগরের মৃত্যু হয়। খবর পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বকুল হোসেন দুজন কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে যান। তিনি এলাকার বেশ কয়েকজনকে লাঠিপেটা করেন। এ নিয়ে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১৫ জন আহত হন। একপর্যায়ে লোকজন এসআই বকুলকে মারধর করে পাবুরিয়াচালা উজ্জ্বল যুবসংঘ ক্লাবের ভেতরে আটকে রাখে। খবর পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদত হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে এলাকাবাসীর সঙ্গে বৈঠক করে এসআই বকুলকে উদ্ধার করা হয়। তা ছাড়া, সাগরের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত তিন ‘চোরকে’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এসআই বকুলকে ওই ক্যাম্প থেকে প্রত্যাহার করা হয়।
এসআই বকুল হোসেন টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে প্রথম আলোকে বলেন, চোর দলের সদস্যদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। ইউপি চেয়ারম্যান মো. শাহাদত হোসেন বলেন, এর আগেও এই এলাকার মানুষ কয়েকবার চোর-ডাকাত ধরে পুলিশে সোপর্দ করেছে।
কালিয়াকৈর থানার ওসি আবদুল মোতালেব মিয়া বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এতে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসআই বকুলকে ক্যাম্প থেকে প্রত্যাহার করা হয়েছে।