গরুচোর সন্দেহে নির্যাতনের শিকার কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে চোর আখ্যা দিয়ে শিশু রাজনকে হত্যার রেশ কাটতে না কাটতেই গাইবান্ধার সাদুল্যাপুরে নির্মম নির্যাতনের শিকার হয়েছে আরিফ মিয়া (১৬) নামের এক কিশোর। গত শনিবার রাতে গরুচোর আখ্যা দিয়ে উপজেলার গয়েশপুর গ্রামে নির্যাতন চালিয়ে কিশোরের একটি পা ভেঙে দেওয়া হয়।
কিশোর আরিফের ওপর নির্যাতনের অভিযোগে তার মা আনোয়ারা বেগম বাদী হয়ে সাদুল্যাপুর থানায় ১৬ জনের নামে মামলা করেছেন। এঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ চারজন হলেন গয়েশপুর গ্রামের তরফবাজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম (৪৫), আবুল কাশেম (৪০), ইব্রাহিম আকন্দের ছেলে ময়নুল ইসলাম (৩৫) ও ফেলানু ব্যাপারীর ছেলে আইয়ুব আলী (৩৮)। নির্যাতনের শিকার আরিফ গয়েশপুর গ্রামের শহিদুল মিয়ার ছেলে। গত শনিবার রাতে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক আবদুল কাদের বলেন, নির্যাতনে আরিফের ডান পা ভেঙে গেছে। এ ছাড়া তার বাম পা ও ডান হাতে আগুনের ছ্যাঁকা দেওয়ার চিহ্ন আছে।
চিকিৎসাধীন আরিফ গতকাল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি চোর নই।’