গরুবোঝাই ট্রাকে চাঁদাবাজি পুলিশের বিরুদ্ধেও অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে একটি প্রভাবশালী মহল ট্রাকচালকদের কাছ থেকে কয়েক দফায় চাঁদা আদায় করছে। এতে পুলিশও জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। গত তিন দিন ফেরিঘাটে সরেজমিনে অনুসন্ধান চালিয়ে এ-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।

কাঁঠালাবাড়ি-শিমুলিয়া যাত্রাপথে চলাচলকারী কয়েকজন ট্রাকচালক গতকাল বুধবার প্রথম আলোকে বলেছেন, নদীতে স্রোত, ডুবোচর, ফেরি নষ্ট কিংবা শীতে ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে তাঁদের এই ফেরিঘাটে পাঁচ থেকে ছয় দফা চাঁদা দিতে হয়। ঘাট নিয়ন্ত্রণকারী প্রভাবশালী মহল ও পুলিশকে প্রত্যেক চালক তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা চাঁদা দিতে বাধ্য হন। ঈদ সামনে রেখে রাজধানীমুখী গরুবোঝাই ট্রাকে চাঁদাবাজির তৎপরতা বেড়ে গেছে।

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ‘ভাঙ্গা বিশ্বরোড মোড়’ থেকে শুরু করে কাঁঠালবাড়ি ঘাটে ফেরিতে উঠতে এই চাঁদা দিতে হয়। এর মধ্যে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে প্রথম দফায় ৩০০ থেকে ৫০০ টাকা, শিবচরের হাজী শরীয়তুল্লাহ সেতুর কাছে নির্ধারিত ৫০০ টাকা, উপজেলার পাঁচ্চর বাজারে ওজন স্কেলের কাছে তৃতীয় দফায় ৫০ থেকে ১০০ টাকা, ঘাটের কাছে সিরিয়ালের জন্য ট্রাফিক পুলিশকে ৫০০ থেকে ১০০০ টাকা ও ফেরিঘাটের বাঁশকলের কাছে আনসারকে পঞ্চম দফায় ২০০ থেকে ৩০০ টাকা চাঁদা দিতে হয়। এমনকি ফেরিতে ওঠার সময়ও অনেকটাই জিম্মি হয়ে প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকা চাঁদাবাজদের আরেক দফা ২০০০ থেকে ২৫০০ টাকা চাঁদা দিতে হয় বলে অভিযোগ ট্রাকচালকদের।

যশোর থেকে ছেড়ে আসা ট্রাকচালক আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঢাকা যেতে হইলে ভাঙ্গা থেকে পাঁচটা জায়গাতে মোগ টেকা দিতেই হইব। এবার চাল নিয়ে যাইতাছি তাই বিভিন্ন স্থানে ৫০০০ টেকা দিতে হইবে। টেকা না দিলে ওজন স্কেলে বেশি ধরবে। পরে ফেরিত উঠতে দিবে না।’

খুলনা থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রাকের চালক কামরুজ্জামান খান বলেন, ‘একটা স্লিপ দিয়া বলে, টাকা দিতে হবে, না দিলে ট্রাক আটকে রাখে, ধমক দিতে থাকে। তাই যখন যে টাকা চায় তাই দিতে হয়। আমরা অসহায়।’

গরুবোঝাই একটি ট্রাকের চালক রফিকুল আমিন বলেন, ‘পুলিশ ও একটি প্রভাবশালী মহলকে অন্তত পাঁচ দফায় ৪৫০০ টাকা টাকা চাঁদা দিতে হয়েছে। ঢাকায় আগেভাগে গিয়ে হাট ধরতে হবে, তাই বাধ্য হয়েই আমাদের টাকা দিয়ে ছাড়া পেতে হয়।’

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আবদুল মমিন বলেন, ‘কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে বর্তমানে ২০০টি গরুবোঝাই ট্রাকসহ ৩৫০টি ট্রাক পারাপার হয়। এসব ট্রাকের সিরিয়ালের দায়িত্ব পুলিশের। আমরা শুধু সরকার কর্তৃক যানবাহনের নির্ধারিত টাকা নিয়ে রসিদ দিয়ে ফেরিতে গাড়িগুলো ওঠানো ও পারাপারের ব্যবস্থা করি। চাঁদাবাজির বিষয়ে আমাদের কেউ জড়িত নন। এই দায়িত্ব আমাদের নয়।’

জানতে চাইলে বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বা ট্রাকচালকদের কাছ থেকে টাকা তোলা আমরা একবারেই গ্রহণ করি না। আর যে পাঁচটি স্থানের কথা বলা হচ্ছে, সেই স্থানে চাঁদাবাজির ঘটনা আমাদের জানা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পেলে সে যে-ই হোক, আমরা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’