গরুর ফসল খাওয়া নিয়ে দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরু খেতের ফসল খেয়েছে। এ নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার নাচনা গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
সংঘর্ষ চলাকালে ৫৫ বছরের বৃদ্ধাও রক্ষা পাননি। গুরুতর আহত ব্যক্তিদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় মোফাজ্জেল হোসেনকে (৫৫) পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
কয়েকজন গ্রামবাসী জানান, বুধবার সকালে নাচনা গ্রামের ওসমান আলীর একটি গরু সিদ্দিকুর রহমানের পাটখেতে গিয়ে কয়েকটি গাছ খেয়ে ফেলে। এতে সিদ্দিক ক্ষুব্ধ হয়ে ওসমানের সঙ্গে কথা বলতে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এর জেরে গতকাল দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এটা সামাজিক বিরোধ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ টহল চলছে। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।