গরুর ফসল খাওয়া নিয়ে মারামারি, প্রবাসী খুন
যশোরের চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামে ইমামুল হোসেন (৩০) নামে সৌদি আরব প্রবাসী এক ব্যক্তি খুন হয়েছেন। প্রতিবেশীদের সঙ্গে মারামারিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান।
ইমামুল চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে। ইমামুল সৌদি আরব থাকতেন। মাস খানেক আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন। এক সন্তানের বাবা তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, তুচ্ছ ঘটনায় গত ৩০ নভেম্বর প্রতিবেশীদের সঙ্গে ইমামুলের গন্ডগোল হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ও পরে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইমামুলের পরিবারের পক্ষ থেকে এত দিন পুলিশকে কিছুই জানানো হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
মৃত ইমামুলের বাবা ইসহাক আলী বলেন, ‘প্রতিবেশী নজরুল ইসলাম ও তাঁর ছেলেরা গরু দিয়ে আমাদের ফসল নষ্ট করে দেন। এর প্রতিবাদ করলে নজরুল ইসলাম ও তাঁর ছেলেরা আমার বড় ছেলে ইমামুলকে রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আট দিন পরে তার মৃত্যু হয়েছে।’