গরুর সঙ্গে ধাক্কায় বেরিয়ে এল ফেনসিডিল
রাস্তায় গরুর সঙ্গে ধাক্কা লাগল একটি মোটরসাইকেলের। এরপর মোটরসাইকেলের একটি ট্যাংকের ভেতর থেকে পাওয়া গেল ৭৫ বোতল ফেনসিডিল। আজ মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার নিংগইন-জোড়মল্লিকা এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বেলা একটার দিকে সজল হোসেন (২৩) নামের এক যুবক মোটরসাইকেলে করে আত্রাই থেকে সিংড়ায় যাচ্ছিলেন। পথে নিংগইন-জোড়মল্লিকা এলাকায় একটি গরুর সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেলসহ সড়কের ওপর পড়ে যান। আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় মোটরসাইকেলটি তুলতে গেলে ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে রাখা ফেনসিডিলের কয়েকটি বোতল বের হয়ে আসে। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে সিংড়া থানায় খবর দেন। পুলিশ এসে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ওই যুবককে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। সজলের বাড়ি রামপাল উপজেলার আলীপুর গ্রামে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, ওই যুবক পেশাদার মাদক ব্যবসায়ী। সে অভিনব কৌশলে মাদক পাচার করছিলেন। তাঁকে মাদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।