গরুর হাট নিয়ে অরাজকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণঞ্জে কোরবানির গরুর হাট নিয়ে অরাজকতা চলছে। নির্ধারিত স্থানের বাইরে সরকারি জমি ও রাস্তা দখল করে বসানো হচ্ছে হাট। আর হাট ইজারাদারদের অস্ত্রধারীরা জোর করে ব্যবসায়ীদের গরু নিজ নিজ হাটে নিয়ে যাচ্ছে। নগরের ১৭টির মধ্যে ১০টি হাটেই এ রকম অরাজকতা চলছে।
জানা গেছে, বেশির ভাগ গরুর হাটেরই ইজারাদার হলেন রাজনৈতিক দলের লোকজন। কেউ সরাসরি নিজের নামে, আবার কেউ ‘অখ্যাত’ কারও নামে ইজারা নিয়েছেন। হাটগুলো আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত অসাধু ব্যক্তিদের অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত হয়েছে।
নগরের খানপুর বরফকল মাঠ ও তৎসংলগ্ন রাস্তার গরুর হাটের ইজারাদার মনির হোসেন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সিটি করপোরেশনের নির্ধারিত স্থানের বাইরে বিআইডব্লিউটিএর জায়গা দখল করে অবৈধভাবে হাট বসিয়েছেন। এর মধ্যে নির্মাণাধীন একটি পার্কের সীমানা ভেঙে সেখানে হাট বসিয়েছেন। এ ছাড়া খানপুরে বিআইডব্লিউটিএর শীতলক্ষ্যা নদীসংলগ্ন সার সংরক্ষণ এলাকা ও গুদাম দখল করে হাট বসানো হয়েছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক কাজী ওয়াকিল নেওয়াজ ২৯ সেপ্টেম্বর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে লেখা এক চিঠিতে অভিযোগ করেছেন, বিআইডব্লিউটিএ অবৈধ গরুর হাট সরানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে।
পার্কের মালিক আবদুস সাত্তার দাবি করেন, এতে তাঁর ৩৫ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।
গত মঙ্গলবার শীতলক্ষ্যা নদীতে টাঙ্গাইল থেকে আসা ২৫টি গরু অস্ত্রের মুখে দুটি হাটের ইজারাদারের পক্ষের লোকজন নিজেদের হাটে নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়। নদীর পূর্ব পারে সোনাকান্দা হাটের ইজারাদার তাওলাদ হোসেনের সন্ত্রাসী বাহিনী এবং পশ্চিম তীরের শীতলক্ষ্যা হিমাগারসংলগ্ন হাটের ইজারাদার আবদুর রশীদের বাহিনীর টানাটানিতে ট্রলারটি ডুবে ১১টি গরু মারা যায়। সোনাকান্দা হাটের ইজারাদার তাওলাদ বন্দর খাদ্যগুদামের একজন ঠিকাদার এবং স্থানীয়ভাবে প্রভাবশালী। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের নেতাদের সঙ্গেই তাঁর সুসম্পর্ক। আর শীতলক্ষ্যা হিমাগারসংলগ্ন হাটটি ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হলেও ইজারাদার আবদুর রশিদ ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় লোকজনের অভিযোগ ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর শ্রমিক লীগের সদস্যসচিব কামরুল হাসান ওরফে মুন্না এই হাটের নিয়ন্ত্রক।
তবে কাউন্সিলর মুন্না এই অভিযোগ অস্বীকার করে বলেন, হাটের ইজারাদার আবদুর রশিদ আওয়ামী লীগের বিলুপ্ত শহর কমিটির সহপ্রচার সম্পাদক ছিলেন।
নগরের দেওভোগে চরুকলা ইনস্টিটিউট-সংলগ্ন হাটটি ইজারা নিয়েছেন ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেনের ভাগনে মোয়াজ্জেম হোসেন ওরফে লাভলু। হাটের ব্যানারে লাভলুর নামের পাশে আদনান হোসেন ওরফে সুহিনের নাম আছে। সুহিন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম ওরফে সজলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বৃহস্পতিবার সকাল থেকে এই হাটের সামনের ব্যস্ততম মিন্নতআলী মাজার সড়কটি (মর্গ্যান বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন) বন্ধ করে গরুর হাটটি সম্প্রসারণ করা হয়। নগরের গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দেওভোগ, বাবুরাইল, পাইকপাড়া, জল্লারপাড়, কাশীপুর, নাগবাড়ী এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
নগরের জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামটি নিজের নামে গরুর হাটের ইজারা নিয়েছেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ। এই হাটে বিএনপির হাসানের সঙ্গে আওয়ামী লীগ ও জাপার ক্যাডারদেরও ব্যবসায়িক সম্পর্ক আছে বলে জানা গেছে।
জেলার সবেচেয় বড় গরুর হাট ফতুল্লার ডিআইটি বালুর মাঠ। এই হাটের ইজারাদার হলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল। সিটি করপোরেশনের মধ্যে বন্দর ১ নম্বর খেয়াঘাটসংলগ্ন হাটটির ইজারাদার আবুল কালাম আজাদ ছাত্রলীগের সাবেক নেতা।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার বলেন, সিটি করপোরেশনের নির্ধারিত স্থানের বাইরে কোনো ইজারাদার অন্য কারও জমি দখল করে অবৈধভাবে হাট বসালে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। সিটি করপোরেশন এবার হাট ইজারা বাবদ দুই কোটি ২৬ লাখ টাকা রাজস্ব আয় করেছে। কারও রাজনৈতিক পরিচয় দেখে ইজারা দেওয়া হয় না। সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেয় সিটি করপোরেশন।
পুলিশ সুপার খন্দকার মহিদউদ্দিন বলেন, হাটগুলোতে পুলিশি নিরাপত্তা বহাল রয়েছে। নদীতে গরুবাহী ট্রলার নিয়ে ইজারাদারের লোকজন যাতে টানাটানি করতে না পারে, সে জন্য নৌ পুলিশের টহল বাড়ানো হয়েছে। শীতলক্ষ্যা নদীতে ১১টি গরুর মৃত্যুর জন্য দায়ী হাটের ইজারাদারদের কাছ থেকে গরুর মালিককে তাঁর প্রত্যাশার চেয়ে বেশি টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয়েছে।