গরুসহ ট্রাক ছিনতাই
ঢাকা বাইপাস সড়কের গাজীপুরের মীরের বাজার এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে অস্ত্রের মুখে জিম্মি করে ১৯টি গরুসহ একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গরু ব্যবসায়ীরা জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
গরু ব্যবসায়ীরা বলেন, রাজশাহী থেকে গত বুধবার রাত আটটার দিকে ১৯টি গরু নিয়ে ট্রাকযোগে নোয়াখালীর উদ্দেশে রওনা দেন। গরুবাহী ট্রাকটি বৃহস্পতিবার ভোরে ঢাকা বাইপাস সড়কের গাজীপুরের মীরের বাজার এলাকায় পৌঁছালে একটি পিকআপ এসে ট্রাকটির গতিরোধ করে। এ সময়ে পিকআপ থেকে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে ট্রাকের চালক, হেলপারসহ তিন ব্যবসায়ীকে হাত-পা বেঁধে ওই পিকআপে ওঠায়। একপর্যায়ে ছিনতাইকারীরা গরু ব্যবসায়ীদের কাছ থেকে ৩০ হাজার টাকা, পাঁচটি মোবাইল সেট ও ১৯টি গরুসহ ট্রাক নিয়ে পালায়। পরে ট্রাকচালক সামিরুল ইসলাম, ট্রাকের সহযোগী আবদুর রহিম ও দুই ব্যবসায়ীকে হাত-পা বাঁধা অবস্থায় গাজীপুরের রাজেন্দ্রপুর জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়।