গর্ভপাত ঘটানোর চেষ্টা, হাতুড়ে চিকিৎসক আটক
ঢাকার সাভারে তৌহিদুল ইসলাম নামের হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে এক গৃহবধূর গর্ভপাত ঘটানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তৌহিদুলকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর এলাকার ওই গৃহবধূ প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা। তিনি পোশাক কারখানায় চাকরি করেন। তিনি স্বামীর অনুমতি নিয়ে গর্ভপাত ঘটানোর সিদ্ধান্ত নেন। এ জন্য তিনি গত শুক্রবার একই এলাকার সুলতানিয়া ইউনানি সেন্টারের মালিক তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন।
গৃহবধূ প্রথম আলোকে বলেন, স্বামীকে নিয়ে শুক্রবার রাত আটটার দিকে তিনি ওই ইউনানি সেন্টারে যান। কিছুক্ষণ পর তৌহিদুল তাঁকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করেন। পরে তাঁর গর্ভপাত ঘটানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁর রক্তক্ষরণ হতে থাকলে কিছু ওষুধ হাতে ধরিয়ে দিয়ে তাঁদের বিদায় করে দেন।
গৃহবধূর স্বামী বলেন, রক্তক্ষরণের ফলে তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এলাকার কয়েকজন প্রভাবশালীর বাধার মুখে তিনি তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে পারছিলেন না।
জানতে চাইলে তৌহিদুল বলেন, গৃহবধূ ও তাঁর স্বামীর সম্মতিতেই তিনি গর্ভপাত ঘটানোর চেষ্টা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আমজাদুল হক বলেন, রক্তক্ষরণ বন্ধে গৃহবধূর চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বুধবার আলট্রাসনোগ্রাম করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সাভার মডেল থানার এসআই আনোয়ারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তৌহিদুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।