শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের ওকিল উদ্দিন মুন্সিকান্দি গ্রামে এক গৃহবধূকে গর্ভের সন্তান নষ্ট করে স্বামীকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন সালিসকারীরা।
গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মুন্সিকান্দি গ্রামের তাজেল বেপারীর ছেলে নাসির বেপারী (২৩) ঢাকার কেরানীগঞ্জে একটি দরজি দোকানে কাজ করতেন। সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় পোশাক তৈরির কারখানার শ্রমিক নেত্রকোনার আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল বারেক মিয়ার মেয়ে মোছাম্মৎ রেখার (২২)। গত ২৩ এপ্রিল তাঁরা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে গিয়ে বিয়ে করেন। তবে নাসিরের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় দুজনে ঢাকার বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। কয়েক দিন আগে বিয়ে মেনে নেওয়ার কথা বলে নাসির ও রেখাকে বাড়িতে আসতে বলেন তাজেল বেপারী। এরপর রেখা তাঁর বাবা বারেক মিয়াকে নিয়ে বৃহস্পতিবার ওকিল উদ্দিন মুন্সিকান্দি গ্রামে আসেন। তখন নাসিরকে তালাক দেওয়ার জন্য তাজেল বেপারী গৃহবধূ ও তাঁর বাবাকে চাপ দেন। বিষয়টি নিয়ে শনিবার স্থানীয় প্রভাবশালী আলতাফ খানের বাড়িতে সালিস বৈঠক হয়। সালিসে নেতৃত্ব দেন আলতাফ খান, নাসিরের চাচা তারা মিয়া বেপারী ও পূর্ব নাওডোবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য জুলহাস খান। সালিসকারীরা গৃহবধূ ও তাঁর বাবাকে ৯০ হাজার টাকা নিয়ে নাসিরকে তালাক দেওয়ার নির্দেশ দেন। তখন গৃহবধূ তাঁর গর্ভে তিন মাসের সন্তান থাকার কথা জানান। তবে সালিসকারীরা গৃহবধূর বাবাকে পাঁচ হাজার টাকা দিয়ে মেয়ের গর্ভের সন্তান নষ্ট করতে বলেন। সন্তান নষ্ট করার পর নাসিরকে তালাক দিয়ে ৯০ হাজার টাকা নেওয়ার নির্দেশ দেন।
রেখা বলেন, ‘আমি অনাগত সন্তানের জন্ম দিতে চাই। স্বামীকে নিয়ে সংসার করতে চাই।’
আবদুল বারেক মিয়া বলেন, ‘সালিসের পর নাসির পালিয়ে গেছে। তাঁর পরিবারের সদস্যরা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।’
নাসিরের বাবা তাজেল বেপারী বলেন, ‘আমার ছেলের বয়স মাত্র ১৭ বছর। ছেলেটিকে ভুল বুঝিয়ে মেয়েটি বিয়ে করতে বাধ্য করেছে। মেয়েটির আগেও একটি বিয়ে হয়েছিল। এখন গ্রামের মাদবররা যে রায় দেবেন, আমি তাই মেনে নেব।’
তারা মিয়া বেপারী বলেন, সালিসে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ছেলের বাবা মাফ চাওয়ায় ৯০ হাজার টাকা ধার্য করা হয়। এর মধ্যে বায়না হিসেবে পাঁচ হাজার টাকা নগদ দেওয়া হয়। গর্ভের বাচ্চা নষ্ট করতে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সংসারই যদি না থাকে, তবে বাচ্চা রেখে কী হবে।
ইউপি সদস্য জুলহাস খান বলেন, সন্তান নষ্ট করার জন্য মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।
তবে সালিসকারী আলতাফ খান বলেন, ‘সালিসে যে রায় হয়েছিল তা মেয়ের বাবা মেনে নিলেও মেয়েটি রাজি না হওয়ায় আমরা দরবার ছেড়ে দিয়েছি।’
ইউপি চেয়ারম্যান খবির ফরাজী বলেন, ‘এই ধরনের কোনো দরবার-সালিসের কথা আমার জানা নেই। আমার কাছে কেউ অভিযোগও করেনি। তবে এমন সালিস করা উচিত নয়।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।