গর্ভের সন্তান নষ্ট না করায় স্ত্রীকে হত্যার অভিযোগ
পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের ভুড়কুলিয়া গ্রামে জাকিয়া খাতুন (২৪) নামে এক গৃহবধূ গর্ভের সন্তান নষ্ট না করায় স্বামী তাঁকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার স্বামী তাঁকে মারধর করার পর বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল মঙ্গলবার তিনি মারা যান।
স্থানীয় লোকজন ও মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, জাকিয়ার বাবার বাড়ি বেড়া উপজেলার মাশুমদিয়া ইউনিয়নের মাশুমদিয়া গ্রামে। প্রায় এক বছর আগে ভুড়কুলিয়া গ্রামের আবদুল হাই মণ্ডলের (৩২) সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর হাই মণ্ডল জাকিয়ার পরিবারের কাছে যৌতুক দাবি করতে থাকেন। পরিবার যৌতুক দিতে না পারায় তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। মাস ছয় আগে জাকিয়া অন্তঃসত্ত্বা হয়। স্বামী বিষয়টি মেনে নিতে পারেন না। তিনি জাকিয়াকে সন্তান নষ্ট করার জন্য চাপ দেন। কিন্তু সন্তান নষ্ট করতে রাজি না হলে তাঁর ওপর অত্যাচার বেড়ে যায়। সোমবার রাতে হাই মণ্ডল বাড়িতে ফিরে জাকিয়ার ওপর চড়াও হন। পরদিন সকালেই গর্ভের সন্তান নষ্ট করতে হবে বলে চাপ দিতে থাকেন। জাকিয়া এতে রাজি না হওয়ায় স্বামী তাঁকে পেটান। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মারা যান। জাকিয়ার বাবা মাজেদ মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘যৌতুক দিবের পারি নাই বলে ওই ছেলে (জাকিয়ার স্বামী) আমার মিয়েক ছাড়ে দিবের চাইছিল। তাই বাচ্চা নষ্ট করার জন্যি চাপ দিছে। আমি ইয়ের বিচের চাই।’
আমিনপুর থানার ওসি তাজুল হুদা বলেন, এ ঘটনায় জাকিয়ার বাবা লিখিত অভিযোগ দিয়েছেন।