গলা ও রগ কেটে হত্যার চেষ্টা
আলমগীর হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গলা ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজনেরা অভিযোগ করেন, একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তা আলমগীরকে অপহরণ করে নিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী কলা ভবনের সামনে এক ব্যক্তিকে গলা ও ডান পায়ের রগ কাটা অবস্থায় অচেতন পড়ে থাকতে দেখেন। একপর্যায়ে সোহাগ নামের এক শিক্ষার্থী ভিড় ঠেলে সামনে গিয়ে পড়ে থাকা ওই ব্যক্তিকে চিনতে পারেন এবং ওই ব্যক্তি তাঁর চাচা আলমগীর হোসেন বলে জানান। এরপর সোহাগ ও অন্য কয়েকজন শিক্ষার্থী আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সোহাগ বিষয়টি স্বজনদের জানান।
সোহাগ হাসপাতালে প্রথম আলোকে বলেন, আলমগীর সপরিবারে রাজধানীর ২৩১ দনিয়ায় থাকেন। তিনি মতিঝিলে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের হিসাবরক্ষক। গত মঙ্গলবার বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরেন। শেভ করতে যাচ্ছেন জানিয়ে সন্ধ্যায় বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। থানা ও হাসপাতালসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।
সোহাগ অভিযোগ করেন, আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে চাকরির সুবাদে হয়তো কারও সঙ্গে তাঁর চাচার শত্রুতা সৃষ্টি হয়ে থাকতে পারে। এ কারণে হয়তো তাঁকে অপহরণ করে নিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
হাসপাতালের চিকিৎসকেরা জানান, ধারালো অস্ত্রের আঘাতে আলমগীরের কণ্ঠনালি কেটে গেছে। এ কারণে তিনি কথা বলতে পারছেন না।
এ বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আলমগীরের শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁর সঙ্গে কথা বলে ঘটনার কারণ ও কারা এবং কেন করেছে তা জানা যাবে।