গলা কেটে ও কুপিয়ে দুজনকে হত্যা
বাগেরহাটের মোরেলগঞ্জে শেখ রিয়াদ হোসেন (৩০) নামে এক যুবককে গতকাল শুক্রবার গলা, হাত ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে বৃহস্পতিবার গোপালগঞ্জের বড়ফা চরপাড়া গ্রামের নয়ন শেখ (৩০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শেখ রিয়াদ হোসেন উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারইখালি গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
মোরেলগঞ্জের পাঁচগাঁও পুলিশ ক্যাম্পের এসআই মনোয়ার হোসেন জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খলিফাবাড়ির সামনে খাল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। রিয়াদের গলা, দুই হাত ও বাঁ পায়ের রগ কাটা।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা বলেন, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মধুমতী নদীর চর থেকে পা বাঁধা অবস্থায় নয়ন শেখের লাশ উদ্ধার করা হয়। তিনি জালালাবাদ ইউনিয়নের বড়ফা চরপাড়া গ্রামের আবদুল আলী শেখের ছেলে।