নিহত দেশি-বিদেশি ২০ জনের ময়নাতদন্ত প্রতিবেদনে তথ্য
গলা কেটে, কুপিয়ে, গুলি ও ভারী বস্তুর আঘাতে হত্যাযজ্ঞ চলে

গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা দেশি-বিদেশি ২০ জন নাগরিককে নৃশংস ও বর্বরভাবে হত্যা করেছে। গত বছরের ১ জুলাই রাতে তাঁদের গুলি করে, এলোপাতাড়ি কুপিয়ে, গলা কেটে, ভারী বস্তুর আঘাতে ওই হত্যাযজ্ঞ চালিয়েছিল জঙ্গিরা।
ওই জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত প্রতিবেদনে এ সব তথ্য রয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে প্রায় এক বছর পর গত ১৯ জুন নিহত ২০ জনের ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশকে দেওয়া হয়েছে। ওই ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের (সিটি) পরিদর্শক হুমায়ুন কবির ঢাকা মেডিকেল কলেজ থেকে ময়নাতদন্ত প্রতিবেদনগুলো গ্রহণ করেন।
নিহত ২০ জনের মধ্যে নয়জন ইতালির নাগরিক, সাতজন জাপানি, তিনজন বাংলাদেশি এবং একজন ভারতীয়। মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে জাপানের পাঁচজন, ইতালির তিনজনকে গলা কেটে ও বাংলাদেশের ফারাজ আইয়াজ হোসেনকে গলায় ধারালো অস্ত্রের কোপে হত্যা করা হয়। ইতালির পাঁচজন, জাপানের দুজন, ভারত ও বাংলাদেশের একজনকে গুলি করে হত্যা করা হয়। তাঁদের এলোপাতাড়ি কোপানোও হয়।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা সিটির উপকমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, দেশি-বিদেশি ২০ জনের ময়নাতদন্তের প্রতিবেদন তাঁরা হাতে পেয়েছেন। পাঁচ জঙ্গি, দুই পুলিশ কর্মকর্তাসহ নয়জনের ময়নাতদন্ত প্রতিবেদন এখনো পাননি।
ময়নাতদন্তের জন্য গঠিত কমিটির প্রধান ও ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, জঙ্গিরা দেশি-বিদেশিদের গুলি করে, গলা কেটে, কুপিয়ে ও ভারী বস্তুর আঘাতে হত্যা করেছে। কাউকে কাউকে কোপানোর পর গুলি করা হয়েছে। যাঁদের কুপিয়ে হত্যা করা হয়েছে, তাঁদের একই স্থানে বারবার কোপানো হয়েছে। তাঁদের শরীরে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। গুলি করে যাঁদের হত্যা করা হয়, তাঁদের মাথার পেছন দিকে গুলি করা হয়। ময়নাতদন্তের সময় আটজনের মাথা থেকে আটটি গুলি বের করা হয়েছে।
সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ আরও বলেন, জঙ্গিরা যাঁদের কুপিয়েছিল, তাঁরা দীর্ঘ সময় পড়ে থেকে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।
ময়নাতদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞরা বলেন, ফারাজ আইয়াজ হোসেনকে গলায় ধারালো অস্ত্রের কোপে হত্যা করা হয়। এ ছাড়া তাঁর ডান হাতেও একটি কোপের চিহ্ন ছিল। তবে তাঁর শরীরে গুলির চিহ্ন ছিল না। তদন্ত তদারককারী কর্মকর্তাদের একজন বলেন, ধারণা করা হচ্ছে, ফারাজের ডান হাতের জখম থেকে কোপ ঠেকানোর চেষ্টার ইঙ্গিত পাওয়া যায়।
বাংলাদেশি ইশরাত আখন্দের হাঁটু ও কপালে ভারী বস্তুর আঘাত ছিল। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাত বা গুলির চিহ্ন ছিল না। কিন্তু অবিন্তা কবিরকে গুলি করে হত্যা করা হয়, গুলি করা হয় মাথার পেছন থেকে।
ভারতের নাগরিক তারিশি জৈনকে এলোপাতাড়ি কোপানোর পর মাথার পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। তাঁর শরীরে অন্তত ৪০টি কোপের চিহ্ন পাওয়া গেছে।
নিহত সাত জাপানির মধ্যে বয়সে সর্বকনিষ্ঠ ছিলেন ওকামোরা মাকোতো। ফরেনসিক বিশেষজ্ঞরা বলেন, ওকামোরা মাকোতোকে এলোপাতাড়ি কোপানোর পর মাথার পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। জাপানের আরেক নাগরিক ওগাসাওয়ারা কোয়োকেও একইভাবে হত্যা করা হয়।
জাপানের একটি সূত্র বলেছে, জাপানে চাকরি পাওয়ার পরপরই ওকামোরা মাকোতোকে তাঁর প্রতিষ্ঠানের ঢাকা কার্যালয়ে পাঠানো হয়েছিল। তাঁর বিষয়ে জানতে সে দেশের গণমাধ্যম বেশ আগ্রহী। জাপানের কিছু গণমাধ্যমের কর্মীরা এ জন্য বাংলাদেশেও এসেছিলেন।
ময়নাতদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জাপানের অপর পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। তাঁরা হলেন হাসিমোতো হিদেকি, তানাকা হিরোশি, সাকাই ইউকু, শিমোদাইরা রুই ও কুরোসাকি নোবুহিরো।
ইতালির নিহত নয়জন নাগরিকের মধ্যে পাঁচজনকে মাথার পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। তাঁরা হলেন ক্লদিও কাপেলি, ভিনসিউজো দ্য’আলেস্ত্রো, মারিয়া রিবোলি, ক্রিশ্চিয়ান রোসি, মার্কো তনদাত। ইতালির অপর তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এই তিনজন হলেন সিমিনা রন্তি, নাদিয়া বেন সোয়েতি (বেনেদেত্তি), এদেল পিউগলিসি। শরীরে ভারী বস্তুর আঘাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয় ইতালির অপর নাগরিক ক্লদিয়া মারিয়া দ্য’আন্তোনার।
নিহত বাকি নয়জনের ময়নাতদন্ত প্রতিবেদন হস্তান্তর আজ
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় পাঁচ জঙ্গি, পুলিশের দুই কর্মকর্তাসহ আরও নয়জন নিহত হন। তাঁদের মধ্যে জঙ্গিদের বিরুদ্ধে ১ জুলাই রাতে অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা রবিউল করিম ও সালাহউদ্দিন খান। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। নিহত পাঁচ জঙ্গি হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহান ইবনে ইমতিয়াজ, স্কলাস্টিকার ছাত্র মীর সামেহ মোবাশ্বের, মোনাশ ইউনিভার্সিটির মালয়েশিয়া ক্যাম্পাসের ছাত্র নিবরাস ইসলাম এবং বগুড়ার শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল। নিহত অপরজন হলেন হোলি আর্টিজানের পিৎজার শেফ সাইফুল ইসলাম চৌকিদার। এ ছাড়া পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোলি আর্টিজানের আরেক কর্মী জাকির হোসেন।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, পাঁচ জঙ্গি, দুই পুলিশ কর্মকর্তাসহ নয়জনের ময়নাতদন্তের প্রতিবেদন সম্পন্ন হয়েছে। আজ শনিবার এসব প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।
সোহেল মাহমুদ বলেন, পাঁচ জঙ্গির শরীরে অসংখ্য গুলি ও বোমার স্প্লিন্টারের আঘাত পাওয়া গেছে। দুই পুলিশ কর্মকর্তা বোমার স্প্লিন্টারের আঘাতে মারা গেছেন। হোলি আর্টিজানের শেফ সাইফুল ইসলাম চৌকিদার ও কর্মচারী জাকির হোসেন গুলিতে মারা গেছেন।