গলা কেটে মোটরসাইকেল ছিনতাই, আটক দুজন
বরগুনার তালতলী উপজেলায় যাত্রীবেশে ভাড়ায়চালিত মোটরসাইকেলে উঠে চালকের গলায় ছুরি দিয়ে আঘাত করে মোটরসাইকেল ছিনতাইকালে দুই দুর্বৃত্তকে আটক করেছেন এলাকাবাসী। গত বুধবার রাত ১০টার দিকে তালতলীর ছাতনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই তরুণের নাম সোলায়মান প্যাদা ওরফে রবিন (২৪) ও বেলাল মিয়া (২১)।
মোটরসাইকেলচালক সেন্টু ঘরামিকে (৩০) গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালতলী থানার পরিদর্শক (তদন্ত) গাজী ফজলুল হক বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার ও দুই দুর্বৃত্তকে আটক করা হয়েছে। তাঁদের দুজনেরই বাড়ি আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামে। সোলায়মানের বাবার নাম সোবাহান ওরফে হাসেম প্যাদা ও বেলালের বাবার নাম হারুন মিয়া। তাঁরা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ফারুক ঠিকাদারের বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করেন।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে আমতলী চৌরাস্তা থেকে তালতলী যাওয়ার উদ্দেশে যাত্রী সেজে সেন্টু ঘরামির মোটরসাইকেল ভাড়া করেন সোলায়মান ও বেলাল। রাত পৌনে ১০টার দিকে তালতলীর ছাতনপাড়া এলাকায় যাওয়ার পর যাত্রীবেশী দুই দুর্বৃত্ত ধারালো ছুরি দিয়ে মোটরসাইকেলচালক সেন্টুর গলায় আঘাত করেন। এতে সেন্টু মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সোলায়মান ও বেলাল মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। এ সময় সেন্টুর আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনা শুনে ওই দুই দুর্বৃত্তকে ধাওয়া করে কড়ইবাড়িয়া বাজারে তাঁদের আটক করেন। পরে তাঁদের তালতলী থানায় সোপর্দ করেন তাঁরা।
অপরদিকে স্থানীয় লোকজন মোটরসাইকেলচালক সেন্টুকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, সেন্টুর দুই হাতের সব আঙুল ও গলায় ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।