গলা কেটে যুবক হত্যা
বাগেরহাটের মোরেলগঞ্জে শেখ রিয়াদ হোসেন (৩০) নামে এক যুবককে গলা, হাত ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খলিফাবাড়ির সামনে দরগার খাল থেকে ভাসমান অবস্থায় পুলিশ রিয়াদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনো শনাক্ত করতে পারেনি।
নিহত শেখ রিয়াদ হোসেন উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
নিহত ব্যক্তির স্ত্রী মাসুমা বেগম বলেন, ‘আমার স্বামী রিয়াদ মাছ কেনাবেচার ব্যবসা করতেন। গত বুধবার সকালে তিনি পেশাগত কাজে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। মুঠোফোনে যোগাযোগ করে না পেয়ে গতকাল বৃহস্পতিবার আত্মীয়স্বজনদের কাছে তাঁর খোঁজ করেছি। কিন্তু কেউই তাঁর খোঁজ দিতে পারেনি। আজ সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে।’
মোরেলগঞ্জের পাঁচগাঁও পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, স্থানীয় লোকজন খলিফাবাড়ির সামনে দরগার খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিবার রিয়াদকে শনাক্ত করেছে।
এসআই মনোয়ার আরও জানান, নিহত ব্যক্তির গলা, দুই হাত ও বাঁ পায়ের রগ কাটা। বুধবার দিনের কোনো একসময়ে তাঁকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। রিয়াদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।