গলা কেটে হত্যার চেষ্টা করে অটো ছিনতাই পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় চালকের গলা কেটে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায় এক দুর্বৃত্ত। গত সোমবার রাতে জেলা শহরের ভাদুঘর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ওই রাতেই অটোরিকশাটি উদ্ধার করে।

ওই চালকের নাম মামুন মিয়া (১৩)। সে ব্রাহ্মণবাড়িয়ার নাসিনগর উপজেলা সদরের খাদিমুল মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে মামুন জেলা শহরের মধ্যপাড়া দিঘিরপাড় এলাকার সাইমল মিয়ার বাড়িতে একটি টিনের ঘরে ভাড়া থাকে।

 মামুন গতকাল রাতে বলে, সোমবার রাত সোয়া নয়টার দিকে শহরের কুমারশীল মোড় থেকে এক তরুণ উলচাপাড়া যাওয়ার কথা বলে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করেন। পরে ভাদুর এলাকার একটি নির্জন সড়কে গিয়ে জোরপূর্বক ওই তরুণ অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে তরুণটি ব্লেড দিয়ে তার গলায় আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানে নেওয়ার মতো টাকা না থাকায় মামুনকে তার পরিবার মধ্যপাড়ার মডেল জেনারেল হাসপাতালে ভর্তি করান। সে ওই হাসপাতালের মালিক ও চিকিৎসক আবু সাঈদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

আবু সাঈদ বলেন, ছেলেটির অবস্থা সংকটজনক ছিল। তাঁর গলায় ব্লেডের আঘাত করা হয়েছিল। এতে তাঁর শ্বাসনালি কেটে যায়। পরিবার ও প্রশাসনের সম্মতি নিয়ে অস্ত্রোপচার করে শ্বাসনালি জোড়া লাগানো হয়েছে। সে বর্তমানে শঙ্কামুক্ত।