বরগুনা-বেতাগী-নিয়ামতি সড়কপথে সরকার নির্ধারিত ভাড়ার দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের যাত্রীদের কাছ থেকে বাসমালিক সমিতির চাপিয়ে দেওয়া ভাড়া আদায় করা হচ্ছে।
বরগুনা থেকে বেতাগী ৩৩ কিলোমিটার পথে সরকার নির্ধারিত ভাড়া ৪৮ টাকার স্থলে ৭৫ এবং বাকেরগঞ্জের নিয়ামতি পর্যন্ত ৪৬ কিলোমিটার পথে ৬৭ টাকার স্থলে ৮৫ টাকা নেওয়া হচ্ছে।
এ নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করলেও বাসমালিক ও শ্রমিকদের কাছে জিম্মি যাত্রীরা এসবের প্রতিবাদ করেও কোনো ফল পাচ্ছেন না। তবে যাত্রীরা অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে প্রতিবাদ করলে পরিবহনশ্রমিকদের দ্বারা লাঞ্ছিত হন বলে অভিযোগ রয়েছে।
যাত্রীরা অভিযোগ করেন, বরগুনা থেকে বেতাগী উপজেলার দূরত্ব ৩৩ কিলোমিটার। এতে সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী (প্রতি কিলোমিটার ১ টাকা ৪৫ পয়সা) ভাড়া হওয়ার কথা ৪৭ টাকা ৮৫ পয়সা। কিন্তু সেখানে নেওয়া হচ্ছে ৭৫ টাকা। একইভাবে বরিশালের নিয়ামতি পর্যন্ত ৪৬ কিলোমিটার পথে ৬৬ টাকা ৭০ পয়সা ভাড়া হওয়ার কথা থাকলেও সেখানে নেওয়া হচ্ছে ৮৫ টাকা। প্রত্যেক ঈদের আগে ও পরে এক সপ্তাহ তা আরও বাড়িয়ে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়।
বেতাগীর যাত্রী সাইদুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাসমালিক ও শ্রমিকেরা অতিরিক্ত ভাড়া আদায় করলেও এসব রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রতিবাদ করলে বাসমালিক ও শ্রমিকদের দ্বারা নাজেহাল হন।
বাকেরগঞ্জের নিয়ামতি এলাকার যাত্রী মাহফুজুর রহমান অভিযোগ করেন, সড়কপথে যাত্রীসেবা তো নেই-ই, বরং প্রতিনিয়ত যাত্রীদের ভাড়া নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। এখানে প্রশাসনের কোনো তদারকি না থাকায় বাসমালিক ও শ্রমিকদের নির্ধারণ করা ভাড়াই শেষ কথা। এই নৈরাজ্যকর অবস্থার মধ্যে এই পথে প্রতিদিন হাজারো যাত্রী সড়কপথে যাতায়াত করছে।
বরগুনা জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন বলেন, ‘মালিকেরা নন, পরিবহনশ্রমিকেরা ঈদের বোনাস হিসেবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেন।’ কিন্তু সারা বছরই তো সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা অতিরিক্ত ভাড়া নিই না।’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বরগুনা-পটুয়াখালী জেলার দায়িত্বপ্রাপ্ত মোটরযান পরিদর্শক মোদাচ্ছের আলী গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা ঈদের আগেই মালিক সমিতিকে সরকার নির্ধারিত হারে ভাড়া নেওয়ার জন্য চিঠি দিয়েছি। কিন্তু তারা তা মানছে না বলে আমিও অভিযোগ পেয়েছি। এখন জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’