গলাকাটা লাশ উদ্ধার
নওগাঁর রানীনগর উপজেলায় বিপ্লব সাহা (২০) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মিরাট ইউনিয়নের স্লুইসগেট এলাকার আতাইকুলা-বান্দায়খাড়া বিশ্বরোডের পাশ থেকে গতকাল রোববার লাশটি উদ্ধার করা হয়।
বিপ্লব সদর উপজেলার সুলতানপুর মহল্লার বিনয় চন্দ্র সাহার ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিপ্লব গত শনিবার রাত নয়টার দিকে কয়েকজন যাত্রী নিয়ে আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামে যাচ্ছেন বলে তাঁর ভাইকে মুঠোফোনে জানান। রাত গভীর হওয়ার পরও তিনি বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। এ সময় বিপ্লবের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। গতকাল সকাল থেকে পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর অটোরিকশাসহ গাড়ির কাগজপত্র সদর থানার খিদিরপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বেলা ১১টার দিকে রানীনগরের আতাইকুলা বিশ্বরোডের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় মিরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চৌকিদার থানায় খবর দেন।
খবর পেয়ে বিপ্লবের স্বজনেরা থানায় এসে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন।