গলাচিপায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, ৫ জন আহত
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত বুধবার রাতে পৌর শহরের রূপনগর এলাকার হোন্ডাস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত উপজেলা ছাত্রলীগের সদস্য শাকিল (২৩), নাঈম (২২) ও শুভংকরকে (২২) বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া জাকারিয়াসহ (২৩) অপরজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ সংঘর্ষের ঘটনার পর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, স্থানীয়ভাবে বনভোজন আয়োজনকে কেন্দ্র করে রাত সোয়া আটটার দিকে রূপনগর হোন্ডাস্ট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফরিদ আহসানের সমর্থক ছাত্রলীগের সদস্য শাকিলের সঙ্গে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার কামরুলের সমর্থক ছাত্রলীগের সদস্য বাপ্পির কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
ফরিদ আহসান ও শাহরিয়ার কামরুল এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছেন।
এদিকে গলাচিপা উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর রাতেই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মু. নাসির উদ্দীন হাওলাদার বলেন, গলাচিপার ছাত্রলীগের আহ্বায়ক কমিটির দীর্ঘদিন সাংগঠনিক কোনো কার্যক্রম নেই। এরপর আবার নিজেদের মধ্যে কোন্দল-সংঘর্ষ, তাই ছাত্রলীগের গলাচিপা উপজেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এদিকে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা বলেন, বুধবার রাতে ছাত্রনেতাদের সংঘর্ষের ঘটনায় গতকাল বৃহস্পতিবার গলাচিপা থানায় আহত শাকিলের বোন সুইটি আহমেদ বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি মামলা করেছেন।