গলাচিপায় জোর করে কলেজমাঠ চষার অভিযোগ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবুনিয়া আদর্শ কৃষি ও কারিগরি কলেজের মাঠ জোর করে ট্রাক্টর দিয়ে চষে ফসল আবাদের জন্য তৈরি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল রোববার কলেজের অধ্যক্ষ মু মহসিন উদ্দিন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, পাতাবুনিয়া এলাকার বাসিন্দা মো. মোয়াজ্জেম খান, কবির খান, মো. আবুল হোসেনসহ কয়েকজন প্রভাবশালী ১১ নভেম্বর সকাল থেকে প্রতিষ্ঠানটির মাঠের জমিতে থাকা গাছপালা কেটে ট্রাক্টর দিয়ে চাষ করান। এরপর তাঁরা মাঠে আবাদের জন্য জমি তৈরি শুরু করেন। প্রতিষ্ঠানের কর্মচারীরা বাধা দিলে তাঁদের মারধর করার হুমকি দেওয়া হয়।
এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করে মোয়াজ্জেম খান, কবির খান ও আবুল হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
ইউএনও মো. মাহবুব আলম বলেন, ‘অধ্যক্ষের করা অভিযোগটি আমরা পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো হয়েছে।’
ওসি আবদুর রাজ্জাক মোল্লা জানান, অভিযোগটি এখনো তাঁর কাছে পৌঁছায়নি।