গলাচিপায় দেদার খাল দখল
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অন্তত ১০৮টি সরকারি খাল রয়েছে। এর ২৯টি কৃষিজমি দেখিয়ে বন্দোবস্ত নেওয়া হয়েছে। এ ছাড়া প্রভাবশালী ব্যক্তিরা খাল দখল করছেন। খালগুলো উদ্ধারে প্রশাসনের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ পাওয়া গেছে।
ভরাট হয়ে যাওয়ায় ও বাঁধ দিয়ে মাছ চাষ করায় অনেক খাল দিয়ে বর্ষার পানিনিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে উপজেলার প্রায় ১০ হাজার হেক্টর ফসলি জমির আবাদ ব্যাহত হচ্ছে। খালগুলো উদ্ধার ও বাঁধ কেটে পুনঃখননের দাবি জানিয়েছেন কৃষকেরা।
গলাচিপা ভূমি কার্যালয় ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সরকারি খালগুলোর অধিকাংশই ২০০৮ সাল পর্যন্ত ইজারা দেওয়া ছিল। ২০০৯ সালের পর থেকে ৭৯টি খাল আর ইজারা দেওয়া হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ভূমি কার্যালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, উপজেলার খালগুলো বিশেষ করে ইজারা দেওয়া বন্ধের পর থেকেই স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা নানা কৌশলে দখলে নিয়ে কেউ ভরাট করছেন, কেউ বাঁধ দিয়ে ঘের বানিয়ে মাছ চাষ করছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার গোলখালী ইউনিয়নের নাথবাড়িসংলগ্ন ডাংরীর খালের উত্তর পাড়ের মাটি কেটে ফেলা হয়েছে। কৃষিজমি দেখিয়ে এই খালটি স্থানীয় মো. জামাল চৌকিদার নামের এক ব্যক্তি ইজারা নিয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে জামাল চৌকিদার বলেন, ‘আমি খাল নয়, কৃষিজমি ইজারা নিয়েছি।’ স্থানীয় কৃষক আবদুল হক বলেন, খালটি ভরাট করায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে আমন আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে উপজেলার রতনদি-তালতলী ইউনিয়নের মেম সাহেব খাল কৃষিজমি দেখিয়ে বন্দোবস্ত নিয়ে একাধিক বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। পানপট্টি ইউনিয়নের বাঁধের দুই পাশের খালও বন্দোবস্ত নিয়ে প্রভাবশালী ব্যক্তিরা মাছ চাষ করছেন।
উপজেলার আমখোলা ইউনিয়নের মুদির হাটের পশ্চিম পাশের বিলের মধ্য দিয়ে প্রবাহিত খালটির পূর্ব দিকের দুই একর খাল কৃষিজমি দেখিয়ে বন্দোবস্ত দেওয়া হয়েছে। পরে সেখানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। ওই এলাকার কৃষক আবুল হোসেন বলেন, খালে বাঁধ দেওয়া ও ভরাটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা।
এ ছাড়া গোলবুনিয়া ইউনিয়নের নলুয়াবাগী এলাকার রহিমার খাল, বলইবুনিয়া এলাকার লাকিয়ার খাল, তারা গাজীর খাল, পাতাবুনিয়ার খালসহ অনেক খাল রয়েছে, যেগুলোর শ্রেণি পরিবর্তন করে কৃষিজমি দেখিয়ে বন্দোবস্ত নেওয়া হয়েছে।
উপজেলার কল্যাণকলস এলাকার খালটি বিভিন্ন অংশে বাঁশের বেড়া ও জাল দিয়ে আটকে মাছ চাষ চলছে। এতে পানির প্রবাহ বন্ধ হয়ে খালটি ভরাট হয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান বলেন, এই উপজেলায় ৩৩ হাজার ৮০০ হেক্টর আবাদযোগ্য জমি রয়েছে। সরকারি খালগুলো বেদখল হওয়ার কারণে ১০ হাজার হেক্টর জমিতে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বেদখল হওয়া খালগুলো উদ্ধার করে পুনঃখননের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খুব শিগগির প্রতিবেদন পাঠানো হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান বলেন, এর আগে কিছু প্রভাবশালী ব্যক্তি খাল ইজারা নিয়ে বাঁধ দিয়ে পুকুর বানিয়েছেন। অনেক খালের পানির স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। আবার বেশ কিছু খাল শ্রেণি পরিবর্তন করে কৃষিজমি দেখিয়ে বন্দোবস্ত নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, উপজেলার সরকারি খালগুলো উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তাসহ কয়েকজনকে খালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।