গলাচিপায় হামলায় সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি চ্যানেল মোহনা টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি সোহাগ রহমানের ওপর গলাচিপায় হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গত মঙ্গলবার গলাচিপা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদের নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত সোহাগকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি গতকাল বুধবার গলাচিপা থানায় মামলা করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পেশাগত দায়িত্ব পালনের জন্য মঙ্গলবার বিকেলে গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের সামনে গেলে ছাত্রলীগের সাবেক নেতা তানভীর আহমেদ সাত-আটজন ক্যাডার নিয়ে সোহাগকে ঘিরে ধরেন। এ সময় তাঁরা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তা দিতে না চাইলে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সোহাগের ওপর হামলা চালান। এ সময় সোহাগের ক্যামেরা ও মুঠোফোনসহ দেড় লাখ টাকার মালামাল লুট করা হয়।

তানভীর আহমেদের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও ধরেননি। পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, তানভীর আহমেদ একসময় ছাত্রলীগ করলেও এখন সংগঠনের সঙ্গে নেই। উপজেলা আওয়ামী লীগ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করছে।

গলাচিপা থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় আটজনের বিরুদ্ধে সোহাগ মামলা করেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।