গলায় গামছা পেঁচিয়ে চট্টগ্রামে শিশুকে হত্যা
চট্টগ্রাম নগরের বন্দর টোল রোডের গলাচিপা এলাকার একটি খাল থেকে গতকাল সোমবার সন্ধ্যায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. মাহফুজ (৭)। গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে মাহফুজের খালু রিকশাচালক মো. আল আমীনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাহফুজ হালিশহর হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। মাহফুজের বাবা মাহবুব ও খালু আল আমীন কিশোরগঞ্জের নিকলী উপজেলার বাসিন্দা। আল আমীন হালিশহর বাসস্ট্যান্ড এলাকার আজিজ মিয়ার কলোনিতে এবং মাহবুব সুন্দরীপাড়া এলাকায় থাকতেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, মাহফুজের মা সীমা ও আল আমীনের স্ত্রী সান্ত্বনা আপন দুই বোন। সান্ত্বনা বিভিন্ন সময়ে তাঁর বড় বোন সীমার বাসায় যেতেন। সীমার স্বামী মাহবুবের সঙ্গে সান্ত্বনার সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন আল আমীন। এ ছাড়া কয়েক মাস আগে আল আমীনকে সাড়ে তিন হাজার টাকা ধার দেন মাহবুব। তা পরিশোধ না করায় তাঁকে মারধর করেন মাহবুব।
নিহত মাহফুজের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, গতকাল সকালে মাহফুজকে সাগর দেখাতে নিয়ে যান আল আমীন। বিকেলেও বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। পরে সন্ধ্যায় পুলিশে খবর দেয়।
ওসি বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় আল আমীনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহফুজকে গামছা পেঁচিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যমতে, গলাচিপ এলাকার খাল থেকে মাহফুজের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।