গলায় গামছা পেঁচিয়ে শিশু হত্যা
চট্টগ্রাম নগরের বন্দর টোল রোডের গলাচিপা এলাকায় মো. মাহফুজ নামের সাত বছরের এক শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার পুলিশ লাশটি উদ্ধার ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ শিশুটির খালু রিকশাচালক আল আমীনকে (৩৪) আটক করেছে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন হত্যার কথা স্বীকার করেছেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, শিশু মাহফুজ হালিশহর হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তার মা সীমা ও আটক আল আমীনের স্ত্রী সম্পর্কে আপন বোন। আল আমীনের স্ত্রী বিভিন্ন সময়ে বড় বোন সীমার বাসায় যেতেন। এতে আল আমীন সীমার স্বামী মাহবুবের সঙ্গে তাঁর স্ত্রীর অনৈতিক সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন। এ ছাড়া কয়েক মাস আগে আল আমীনকে সাড়ে তিন হাজার টাকা ধার দেন মাহবুব। তা পরিশোধ না করায় মাহবুব তাঁকে মারধর করেন। ধারণা করা হচ্ছে, এসব কিছুর কারণে প্রতিশোধ নিতে আল আমীন শিশুটিকে হত্যা করেছেন।
নিহত শিশুর পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি প্রণব কুমার চৌধুরী বলেন, আজ সকালে আল আমীন মাহফুজকে সাগর দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে টোল রোডের গলাচিপা এলাকায় নিয়ে যান। বিকেলেও বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আল আমীনকে আটক করে।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহফুজকে গামছা পেঁচিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেছেন আল আমীন। এ ঘটনায় আল আমীনের বিরুদ্ধে শিশুটির বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আগামীকাল আল আমিনকে আদালতে পাঠানো হবে।