গলায় গুলি, পুলিশ কনস্টেবলের মৃত্যু

বরিশালে জেলা পুলিশ লাইনসের নবনির্মিত ছয়তলা ব্যারাক হাউসের ছাদ থেকে শুক্রবার একজন কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, গলায় গুলি চালিয়ে ওই কনস্টেবল আত্মহত্যা করেছেন।
ওই কনস্টেবলের নাম হৃদয় চন্দ্র দাস (২১)। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার সুকণ্ঠ চন্দ্র সাহার ছেলে। বরিশাল জেলা পুলিশের কনস্টেবল হিসেবে এক বছর তিন মাস আগে নিয়োগ পান।
বরিশাল জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত হৃদয় চন্দ্র দাস ব্যারাক হাউসের সামনে ডিউটিরত ছিলেন। এরপর তাঁর মরদেহ ব্যারাক হাউসের ছাদে পাওয়া যায়। তিনি আরও বলেন, নিজের গলায় গুলি করে হৃদয় চন্দ্র মারা গেছেন। তাঁর পকেট থেকে দুটি চিঠি উদ্ধার করা হয়েছে। বাবা ও ছোট ভাইয়ের কাছে লেখা দুটি চিঠিতে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, হৃদয়ের পকেটে থাকা মানিব্যাগ থেকে একটি মেয়ের ছবি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অস্ত্রসহ তাঁর ছাদে যাওয়ার বিষয়ে যদি কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা থাকে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল নগরের কোতোয়ালি মডেল থানা-পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. রাসেল বলেন, হৃদয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।