গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাজধানীর কামরাঙ্গীরচরে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তাঁর নাম ইমন শেখ (২০)। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
ইমনের বাবা মোজ্জামেল শেখ জানান, ইমন একটি স্টিলের কারখানায় কাজ করতেন। দুপুরে বাসায় খাবার খান। পরে তাঁর ঘরে গিয়ে সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে দেখতে পেয়ে তাঁকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
তিন ভাইয়ের মধ্যে ইমন ছিলেন সবার বড়। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার ইছাপুর গ্রামে। আট মাস আগে বিয়ে করেন ইমন। ঘটনার সময় তাঁর স্ত্রী সুমি আকতার কাজের জন্য বাইরে ছিলেন। কী কারণে ইমন আত্মহত্যা করেছেন, এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।