গলায় বালুর বস্তা বাঁধা শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর চর এলাকায় গলায় বালুর বস্তা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক শিশুর (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। গতকাল বুধবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, মঙ্গলবার সোহাগপুর চরে যমুনা নদীর তীরে ওই লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে সন্ধ্যায় লাশ উদ্ধার করে পুলিশ। লাশের গলায় বালুভর্তি বস্তা রশি দিয়ে বাঁধা ছিল। তার পরনে শুধু নীল হাফপ্যান্ট ছিল। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে শ্বাসরোধে হত্যার পর বালুভর্তি বস্তা গলায় বেঁধে নদীতে ফেলে দিয়েছে।
ওসি আরও বলেন, এলাকার শত শত লোক দেখলেও কেউ লাশ শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, যমুনা নদীর উজানের কোনো এলাকা থেকে তাকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়। পরে নদীর পানিতে ভেসে লাশটি তীরে এসেছে। এ বিষয়ে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে। লাশের ছবি তুলে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।