গলায় রশি প্যাঁচানো স্বামীর লাশ, সন্দেহ স্ত্রীকে
নেত্রকোনার বারহাট্টায় আজ শুক্রবার সকালে গলায় রশি প্যাঁচানো অবস্থায় আবদুল হাই (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আবদুল হাইয়ের ভাইয়ের অভিযোগ, হাইয়ের স্ত্রীসহ কয়েকজন দুর্বৃত্ত এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরে গলায় রশি লাগিয়ে তা আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করছেন।
পুলিশ জানায়, আবদুল হাই স্ত্রী সুফিয়া খাতুনকে নিয়ে বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের কডরপাড়া গ্রামে থাকতেন। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁদের সাত বছরের এক কন্যাসন্তান রয়েছে। খবর পেয়ে আজ সকাল ১০টার দিকে ঘর থেকে আবদুল হাইয়ের লাশ উদ্ধার করা হয়। লাশটি ঘরের মেঝেতে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে ছিল। রশির এক অংশ কাটা। বাকি অংশ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত ছিল।
ওই সময় সুফিয়া পুলিশের কাছে দাবি করেন, পারিবারিক কলহের জেরে আবদুল হাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে তিনি রশি কেটে লাশ নামান।
তবে আবদুল হাইয়ের ছোট ভাই আবদুল বারেক প্রথম আলোকে বলেন, আট বছর আগে আবদুল হাইয়ের সঙ্গে পাশের বড়ভিটা গ্রামের বাসিন্দা সুফিয়ার সঙ্গে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর স্ত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ নিয়ে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এ নিয়ে একাধিকবার সালিস-বৈঠক হয়েছে। কিন্তু সুরাহা হয়নি। ঝগড়াবিবাদ লেগেই থাকত। আবদুল বারেক অভিযোগ করেন, অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় ক্ষুব্ধ সুফিয়া কয়েকজনকে সঙ্গে নিয়ে আবদুল হাইকে হত্যা করেছেন। এখন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান সাংবাদিকদের বলেন, এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে। লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।