গলায় শাড়ি প্যাঁচানো নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার কেফায়েতনগর গ্রাম থেকে গতকাল সোমবার বেলা দুইটার দিকে গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় সেলিনা খাতুন (৪৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সেলিনা খাতুন কেফায়েতনগর গ্রামের হাশেম আলীর মেয়ে। তালাকপ্রাপ্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে থাকতেন। দুই ছেলে মেয়ে রয়েছে তাঁর। ছেলে থাকে বাগেরহাটে। আর মেয়ে যশোর শহরে স্বামীর বাড়িতে থাকেন।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে রোববার দিবাগত রাতে গলায় শাড়ির আঁচল পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। উদ্ধারের সময় মুখের ভেতরে কাপড় ঢোকানো ছিল। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বাবার বাড়ির একটি ঘরে সেলিনা একাই থাকতেন। গতকাল সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন ঘরের মেঝেতে সেলিনার লাশ পড়ে আছে।