গল্লাবেত আটক, গায়েব বাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগের বদলে পুলিশের হাতে পড়ে অবৈধ গল্লাবেতের বাহক গায়েব হয়েছে। অভিযোগ উঠেছে, ফাঁড়ি পুলিশ গল্লাবেতসহ দুজন বাহককে আটক করলেও পরে তাদের ছেড়ে দিয়েছে। ঘটনাটি গতকাল শুক্রবার ভোরে সিলেটের পুরাতন রেলস্টেশন এলাকার দক্ষিণ সুরমা ফাঁড়ি পুলিশ এলাকার।

ওই এলাকায় টহলরত বন বিভাগের ফরেস্ট গার্ড জানান, সিলেটের পুরাতন রেলস্টেশন এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা গল্লাবেত (বেত বুননের কাঁচামাল) পরিবহন হবে, এ খবর পেয়ে চারজন ফরেস্ট গার্ড ওই এলাকায় টহল দিচ্ছিলেন। ভোর ছয়টার দিকে দুটো ভ্যানে গল্লাবেত দেখে টহল দল তা আটক করে। দুই আঁটি গল্লাবেতের সঙ্গে দুজন বাহকও ছিল। এ সময় দক্ষিণ সুরমা ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাটি তাদের এলাকার বলে গল্লাবেতসহ দুজনকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। বিকেলে ফাঁড়ি পুলিশের বাহকবিহীন অবস্থায় ছিল গল্লাবেত। আটক প্রতিটি আঁটিতে দুই শতাধিক বেতের দাম তিন লাখ টাকা হবে বলে বন বিভাগের কেউ কেউ জানান।

বন বিভাগের এফডি শফিকুল ইসলাম জানান, কাঠ বা বনের অবৈধ কোনো কিছু গন্তব্যে নিতে গিয়ে ধরা পড়লে বাহক পাওয়া যায়নি দেখালে ঘটনাটি গুরুত্বহীন হয়ে পড়ে। তাঁর দাবি, পুলিশের কাছে গিয়ে গল্লাবেতের বাহক গায়েব হয়েছে।

দক্ষিণ সুরমা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান খান দুই আঁটি গল্লাবেত আটক হওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে গল্লাবেতের বাহক শুরু থেকেই পাওয়া যায়নি বলে তিনি জানান।

বন বিভাগ জানায়, বেতের তৈরি আসবাবে ভারতীয় গল্লাবেতের চাহিদা বেশি। বর্ষা শেষের এ মৌসুমে ভারত থেকে অবৈধভাবে গল্লাবেত আমদানি করে সংঘবদ্ধ চোরাচালানি চক্র। সিলেটের সীমান্ত এলাকা থেকে এই বেতের বেশির ভাগ ভোরে রেলপথ দিয়ে গন্তব্যে পৌঁছানো হয়।