গাঁজা সেবনের টাকার জন্য ইজিবাইকের চালককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত ইজিবাইকের চালক মো. জামাল হোসেন খান হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাঁজা সেবনের টাকা জোগাড় করতে গলায় তার পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয় বলে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল রোববার দুপুর ১২টায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. গোলাম রউফ খান। গত ২১ সেপ্টেম্বর সকালে বরিশাল শহরের রূপাতলী থেকে জামালের মরদেহ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. আল আমিন (২৩), সবুজ হাওলাদার (১৮), মো. সোলায়মান (১৮), মো. আল ইমরান (১৬), মো. জেমিন (১৫) ও রাব্বী (১৯)। তাঁদের সবার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে।
সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার বলেন, ২১ সেপ্টেম্বর রাতে ঝালকাঠি থেকে বরিশালে আসার জন্য আড়াই শ টাকায় জামালের ইজিবাইক ভাড়া করেন ছয়জন। গাড়িটি কালীজিরা সেতুর অদূরে রায়াপুর নামক স্থানে পৌঁছালে চালক জামালের গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর বরিশাল শহরে পৌঁছে রূপাতলী বটতলা এলাকায় খালের পাশে লাশ ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যান তাঁরা। ঘটনার পরদিন অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে পুলিশ। দুই দিন পর ঝালকাঠি থেকে জামালের স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়।
গোলাম রউফ খান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জামাল হোসেন বরিশাল ও আশপাশের জেলা ও উপজেলায় ইজিবাইক মালিক-শ্রমিক সংগঠনগুলোকে ছিনতাই হওয়া ইজিবাইকটির নম্বর জানিয়ে রেখেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ছিনতাই হওয়া ইজিবাইকটি উজিরপুর থেকে উদ্ধার করা হয়। সেই ইজিবাইকের সূত্র ধরে গত এক সপ্তাহের ব্যবধানে ঝালকাঠি, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় ছয়জনকে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শা. মো. আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃত ছয়জনকে গতকাল দুপুরের পর বরিশাল মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে তাঁরা হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
জামাল ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের হাজরাগতি গ্রামের রশিদ খানের ছেলে। তিনি ঝালকাঠি শহরে ভাড়া থাকতেন এবং ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।