গাঁজার গাছসহ এক নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বড়বাংরাইল গ্রামে পাঁচটি গাঁজার গাছসহ জুলেখা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। আজ বুধবার ওই গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুরে ওই গ্রামের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই বাড়ির শোবার ঘরের পাশের উঠোন থেকে লাগানো প্রায় ১৫ ফুট উচ্চতার পাঁচটি গাঁজাগাছ উদ্ধার ও রফিকুলের স্ত্রী জুলেখা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় রফিকুল বাড়িতে ছিলেন না।
বিমল চন্দ্র বলেন, ওই পাঁচটি গাছ থেকে ১৫ কেজি গাঁজা পাওয়া যেত।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে জুলেখা বেগমকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।