গাঁজাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মোহন্তকে (৪৬) আধা কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মাহবুব হোসেনের নেতৃত্বে থানা–পুলিশ গত সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের গোয়ালগাড়ি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ওই ঘটনায় দুলাল চন্দ্রকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, দুলাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। আধা কেজি গাঁজা বিক্রির জন্য গোয়ালগাড়ি বাজারে গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়। দুলালের বাড়ি নন্দীগ্রাম সদরের হিন্দুপাড়া মহল্লায়।
এদিকে জেলা যুবলীগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দুলাল চন্দ্র মাদক মামলায় গ্রেপ্তার হওয়ায় তাঁকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রথম আলোর কাছে দুলালকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।