গাংনী উপজেলা পরিষদে তালা দিল ছাত্রলীগ
কর্মকর্তাদের বের করে দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
কার্যালয় সূত্রে জানা যায়, গাংনী পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরাদ আলীর গাংনী বন বিভাগ পাড়ায় নিজ বাসভবন প্রাঙ্গণে গতকাল দুপুরে পৌর বিএনপির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হচ্ছিল। এই খবর পেয়ে গাংনী ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তবে ঘটনার সময় চেয়ারম্যান মোরাদ আলী নিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন না। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ কার্যালয়ে ঢুকে কর্মকর্তাদের অফিসকক্ষ থেকে বের করে দেন। এরপর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
উপজেলা পরিষদের কর্মকর্তা সঞ্চিতা ইসলাম বলেন, ‘আমরা দুপুরে খাওয়ার জন্য বের হচ্ছিলাম। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে আমাদের অফিস থেকে বের করে প্রধান দরজায় তালা ঝুলিয়ে দিয়ে চলে যান।’
এর আগে ছাত্রলীগের নেতা-কর্মীরা গাংনী শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীব, জেলা ছাত্রলীগের নেতা সাইফুজ্জামান সিপু প্রমুখ অংশ নেন।
ছাত্রলীগের নেতা বিপ্লব হোসেন বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের প্রধান। অথচ তিনি নিজ বাড়িতে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
তবে চেয়ারম্যান মোরাদ আলী বলেন, তিনি উপজেলা বিএনপির ৭৮ সদস্যবিশিষ্ট সভায় পুলিশ ও ডিসএবির সদস্যরা উপস্থিত ছিলেন। সরকার কিংবা দেশবিরোধী কোনো বক্তব্য দেওয়া হয়নি।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ-উজ-জামান বলেন, বিক্ষুব্ধ কিছু যুবক তালা দিয়েছে। আলোচনা সাপেক্ষে তালা খোলার চেষ্টা চলছে।