মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পৌর নির্বাচনে নাশকতা সৃষ্টির অভিযোগে গতকাল রোববার দুপুরে থানা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গত শনিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ জন কর্মীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে র্যা ব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, পৌর নির্বাচনে নাশকতা সৃষ্টির অভিযোগে উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলামকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার এসআই ইনামুল হক জানান, যৌথ বাহিনীর রাতভর অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়া থেকে ছয়জন, তালায় একজন, কালীগঞ্জে পাঁচজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে চারজন, দেবহাটায় চারজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে জামায়াত-শিবিরের ১০ জন কর্মী রয়েছেন।