মেহেরপুরের গাংনী উপজেলার মুক্তিযোদ্ধারা পৌরসভার মেয়রের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন। নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জায়গার ওপর দিয়ে পৌরসভার রাস্তা নির্মাণের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধারা ওই নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় জড়ো হন। একপর্যায়ে তাঁরা রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেন। এরপর মুক্তিযোদ্ধারা সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলসহকারে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তাঁরা গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। সেখানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেন দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করে দেন। ইউএনওর কার্যালয়ে উপস্থিত হয়ে পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম ওই রাস্তা নির্মাণ বন্ধ করার আশ্বাস দিলে মুক্তিযোদ্ধারা শান্ত হন।
গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুন্তাজ আলী বলেন, পৌরসভার নিয়মানুযায়ী রাস্তার জন্য ৫ ফুট জায়গা ছাড়তে হবে। তাঁরা ৮ ফুট জায়গা ছেড়েছেন। কমপ্লেক্সের পাশের জমির মালিকেরও ৫ ফুট জমি ছাড়ার কথা। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ সেই জমি না নিয়ে গায়ের জোরে শুধু মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জায়গার ওপর দিয়ে রাস্তা নির্মাণ করছিলেন। এটি মুক্তিযোদ্ধাদের জন্য চরম অপমান। মুক্তিযোদ্ধারা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, সম্প্রতি এলজিইডির তত্ত্বাবধানে গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কের পাশে এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়। এই ভবনের পেছনেই রয়েছে সাবেক গাংনী ইউনিয়ন পরিষদ ভবন, যা এখন পৌরসভার সম্পত্তি। সেখানে যাওয়া-আসার জন্যই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কিছু জায়গা ওই রাস্তার মধ্যে পড়ে যায়। এতে করে কমপ্লেক্সের নকশা পরিবর্তন আসন্ন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
পৌর মেয়র আশরাফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা সবাই মিলে বসে একটা সমঝোতায় পৌঁছেছেন।