গাংনীতে অপহরণের পর শিশু হত্যা
মেহেরপুরের গাংনীতে অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে উত্তেজিত গ্রামবাসী সন্দেহভাজন এক অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে এলাকাবাসী মানববন্ধনও করেছেন।
নিহত শিশুটির নাম ছাব্বির আহামেদ ওরফে অন্তর (৭)। সে গাংনী উপজেলার বাওট গ্রামের কাফিরুল ইসলামের ছেলে ও বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের অভিযোগ, মুক্তিপণের জন্যই অন্তরকে অপহরণ করা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করা হচ্ছিল।
অন্তরের পরিবার ও কয়েকজন এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছোট ভাই জাকিরুল ইসলামের মৃত্যুতে বড় ভাই কাফিরুল ইসলাম মাস খানেক আগে সৌদি আরব থেকে বাড়িতে আসেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে অন্তরকে বাড়ির পাশে বাওট সোলায়মানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার জন্য রেখে অন্যত্র চলে যান কাফিরুল। সন্ধ্যায় তিনি বাড়ি ফিরলেও ছেলে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও কোনো খোঁজ না পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রামের মসজিদের মাইকে অন্তরের নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। এরপরও কোনো হদিস পাওয়া যায়নি।
কাফিরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, সন্ধ্যা সাতটার দিকে প্রতিবেশী গোলাম মোস্তফার ছেলে সবুজ হোসেন (২৮) তাঁর মুঠোফোনের নম্বর নেন। সবুজ জানান যে অন্তরের খোঁজ পেলে জানানো হবে।
মুঠোফোন নম্বর নেওয়ার বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হলে সবুজকে সন্দেহ করে এলাকাবাসী। রাত আটটার দিকে সবুজসহ তাঁর পরিবারের সদস্যরা হঠাৎ করে বাড়ি থেকে পালিয়ে যান। পরে এলাকাবাসী রাত নয়টার দিকে সবুজের বাড়ি-সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী কমনরুমে হাত-পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা অবস্থায় অন্তরের নিথর দেহ উদ্ধার করে। রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অন্তরকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।
দুপুরে ময়নাতদন্ত শেষে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
কাফিরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন,‘সবুজ প্রায়ই বিদেশে টাকা আয় করার ব্যাপারে আমার কাছে জানতে চাইত। কত টাকা হয়েছে সে ব্যাপারেও জানতে চাইত। টাকার জন্যই হয়তো সবুজ অন্তরকে অপহরণ করে হত্যা করেছে।’
অন্তরের মা আহাজারি করে বলেন, ‘আমি সব দি দিতুক রে, কেন আমার ছেইলিকে মাইরি ফেইলো। আমি সবুজেক ফাঁসি চাই।’
এদিকে অন্তরের মৃত্যুর খবর রাতেই এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী সবুজ হোসেনের বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। সকাল ১০টার দিকে কয়েক শ গ্রামবাসী মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের বাওট বাজারে দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের দাবি—সবুজসহ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হোক।
গাংনী থানা সূত্রে জানা গেছে, সবুজ হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এ বছরের ১৬ মার্চ সবুজকে একটি মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, স্থানীয় দুজন আওয়ামী লীগ নেতার তদবিরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, লাশ দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। সবুজকে ধরতে পুলিশ কাজ করছে। তবে বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তিনি জানেন না বলে জানান।