গাংনীতে অপহৃত কৃষক উদ্ধার, দুজনকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় অপহরণের শিকার কৃষক মোশারফ হোসেনকে (৪৫) গতকাল শুক্রবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন দুজন। এ সময় তাঁদের পিটুনি দেয় জনতা।

আটক দুজন হলেন উপজেলার ষোলটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রামের জিনারুল ইসলাম (৩৫) ও সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি গ্রামের উমেদ আলী (২৮)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার পর থেকেই তৎপর ছিল পুলিশ। তারা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল পাঁচটার দিকে গাংনীর ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামে মিন্টু মিয়ার বাড়িতে অভিযান চালায়। মিন্টুই অপহরণকারী চক্রটির মূল হোতা। তাঁর বাড়ির একটি কক্ষে কৃষক মোশারফকে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। ঘটনার সময় এ বাড়িতে ছিলেন জিনারুল ও উমেদ। অপহরণে জড়িত থাকার অভিযোগে তাঁদের পিটুনি দেয় সেখানে জড়ো হওয়া উত্তেজিত জনতা। এরপর জনতার হাত থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ। জিনারুল ও উমেদকে পুলিশ পাহারায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, জিনারুল ও উমেদ উভয়ই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এর মধ্যে জিনারুলের নামে গাংনী থানায় অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি, বোমাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

হাত ও চোখ বেঁধে রাখা হয়

মোশারফকে দুই দিন ওই ঘরে হাত ও চোখ বেঁধে আটকে রাখা হয়। সার্বক্ষণিক তাঁর পাহারায় থাকতেন আটক জিনারুল ও উমেদ। মোশারফকে নির্যাতন করেছে অপহরণকারীরা। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

মোশারফ হোসেন বলেন, তাঁকে খেতে দেওয়া হলেও মারধর করা হতো। ১০ লাখ টাকা দিলে মুক্তির কথা বলেছিল অপহরণকারীরা। তবে পরিবারের কাছে মুক্তিপণ চাওয়ার আগেই তিনি উদ্ধার ও দুই অপহরণকারী আটক হয়েছেন।

গাংনীর চককল্যাণপুর গ্রামের কৃষক মোশারফ গত বুধবার রাতে অপহরণের শিকার হন। ঘটনার সময় তিনি ও আরেক কৃষক আলফাজ উদ্দীন খেতে সেচ দিচ্ছিলেন। অপহরণকারীরা মোশারফ ও আলফাজকে প্রথমে মারধর করে। পরে আলফাজকে ফেলে রেখে মোশারফকে তুলে নিয়ে যায়।