মেহেরপুরের গাংনী উপজেলায় এনামুল হক নামের আওয়ামী লীগের এক কর্মীকে গত শনিবার রাতে কুপিয়ে গুরুতর জখম করা হয়। গতকাল রোববার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। এদিকে বাগেরহাটের রামপাল উপজেলায় শনিবার রাতে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কর্মী এনামুল হকের (৪২) বাড়ি গাংনী উপজেলার ধলা গ্রামে। জমি নিয়ে কয়েক মাস ধরে তাঁর বড় ভাই স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজমাইল হোসেনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমানের বিরোধ চলে আসছিল। সম্প্রতি উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আসামিরা জামিনে মুক্ত হয়েছেন। এদিকে এনামুল গতকাল রাত সাড়ে আটটার দিকে গাংনীর নওয়াপাড়া গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ওই গ্রামের ঈদগাহসংলগ্ন হাজির বাগানের কাছে পৌঁছালে একদল লোক তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে এনামুলকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। ভোরে তিনি মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রামটির পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তা ছাড়া এ ঘটনায় মামলা হয়েছে। এতে সাবেক ইউপি সদস্য আতিয়ারকে প্রধান আসামি করা হয়েছে। নাহিদ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে গত শনিবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই গ্রামের একটি ডোবা থেকে আবেদা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিন দিন আগে তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ পানিতে ফেলে দেওয়া হয় বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের জন্য লাশটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আবেদা বেগম উপজেলার কিসমত কুমলাই গ্রামের হাবিব শেখের স্ত্রী।
রামপাল থানার ওসি বেলায়েত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে হাবিব তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশটি ওই ডোবায় ফেলে দেন। হাবিব পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: আমাদের মাদারীপুর প্রতিনিধি জানিয়েছেন, মাদারীপুরের শিবচর উপজেলার বাখরকান্দি গ্রাম থেকে গতকাল সকালে লাইলি বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে আটক করা হয়েছে।
প্রায় ১০ বছর আগে পটুয়াখালীর দশমিনা উপজেলার কাঁটাখালী গ্রামের লাইলির সঙ্গে ঝালকাঠির নলসিটি ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের কামাল হাওলাদারের (৩৫) বিয়ে হয়।