গাংনীতে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলা প্রকৌশলী মাহবুবুল হককে মারধরের অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করেছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নমানের কাজ করায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জেরে এ হামলা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম (৩৮), ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন (৩০) ও গাংনী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম (৩৯)। গতকাল শনিবার ভোররাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে গাংনী থানার পুলিশ।

পুলিশ ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় বলছে, ১৪ মার্চ বিকেল সাড়ে চারটার দিকে মহিবুল, জহুরুল, জসিমসহ কয়েকজন গাংনী এলজিইডি কার্যালয়ে প্রবেশ করেন। তাঁরা উপজেলা প্রকৌশলী মাহবুবুলের কক্ষে জোরপূর্বক প্রবেশ করে তাঁকে গালমন্দ শুরু করেন। একপর্যায়ে চেয়ার থেকে তাঁকে তুলে কলার চেপে ধরে কয়েকটি কিল-ঘুষি মারেন। তখন কার্যালয়ের কর্মচারীরা ছুটে এলে হামলাকারীরা কিছুটা নরম হন। তবে তাঁরা দুই দিনের মধ্যে প্রকৌশলী মাহবুবুলকে গাংনী ছাড়ার নির্দেশ দেন। তা না হলে হত্যার হুমকি দেওয়া হয়। পাশাপাশি উপজেলার নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিষয়ে বেশি মাথা না ঘামানোর হুমকি দিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

লাঞ্ছিত হওয়ার কারণ জানতে চাইলে প্রকৌশলী মাহবুবুল বলেন, নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের কাজ করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের ব্যবসায়িক অংশীদার আব্দুল মোনায়েক মোলাক। সম্প্রতি ওই ভবনের নির্মাণাধীন সিঁড়ি ধসে পড়ে। তদন্তে সিঁড়িতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পায় এলজিইডি সদর দপ্তর। তারা ভবনটি ভেঙে নতুন করে তৈরি করতে ও বিল বন্ধ রাখার নির্দেশ দেয়। এ কারণে এম এ খালেক নিজের লোকজন দিয়ে তাঁকে লাঞ্ছিত করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা এম এ খালেক বলেন, নবীনপুর বিদ্যালয় ভবন নির্মাণের সঙ্গে তিনি জড়িত নন। রাজনৈতিক একটি মহল বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করছে। তাঁর নেতা-কর্মীদের হেনস্তা করতে মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার শিকার প্রকৌশলী মাহবুবুল শুক্রবার রাতে গাংনী থানায় এ বিষয়ে মামলা করেন। এতে হামলাকারী হিসেবে মহিবুল, জহুরুল ও জসিমের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।

দেরিতে মামলা করার কারণ জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক বলেন, ‘হুমকির কারণে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। গাংনীতে থাকা আমার জন্য জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তাদের নির্দেশ পেয়েই শুক্রবার রাতে মামলা করেছি।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে। গতকাল ভোররাতে এজাহারভুক্ত তিন আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে আদালতের মাধামে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।